জান্নাতুল রুহী
নতুন চাষাবাদে ইউটিউব-নির্ভর কৃষিজ্ঞান: মিডিয়া লিটারেসির প্রয়োজনীয়তা আসলে কতটা?
সারকথা
মফস্সল সংবাদ নিয়ে দীর্ঘদিন কাজ করার সুবাদে কৃষকদের অনেক সফলতার গল্প দেখেছি। কাজ করতে গিয়ে দেখেছি, কৃষকদের বেশির ভাগই ভিনদেশি ফসল উৎপাদন করছেন। প্রায় ক্ষেত্রেই তাঁরা প্রবাসে থাকার পর ফিরে এসে এ ধরনের চাষাবাদ শুরু করেছেন। কৌতূহলোদ্দীপক বিষয় হলো, প্রত্যেকেই চাষাবাদের কোনো না কোনো পর্যায়ে ইউটিউবের ভিডিও দেখে তথ্য সংগ্রহ করে ব্যবহার করেছেন। কারণ ফসলগুলো এমন, যেগুলোর কৌশল স্থানীয় কৃষি অফিস বা পূর্বপুরুষদের অভিজ্ঞতায় সহজে পাওয়া যায় না। এ জন্য ইউটিউবই হয়ে ওঠে তাঁদের প্রধান তথ্যসূত্র। তাঁরা কীভাবে এই তথ্য ব্যবহার করছেন? তাঁরা কি ভিডিও দেখে সরাসরি চাষাবাদ শুরু করেন, নাকি তথ্য যাচাই করেন? এ প্রশ্নকে কেন্দ্র করেই শুরু হয় এই অনুসন্ধান। এই কৌতূহলকে কেন্দ্র করেই দেশের আট জেলার ১১ জন কৃষকের সঙ্গে কথা বলি। স্থানীয় সংবাদ প্রতিনিধিদের সহায়তায় তাঁদের খুঁজে পাওয়ার পর প্রত্যেকের সঙ্গে সরাসরি টেলিফোনে সাক্ষাৎকার গ্রহণ করি। মূলত এই সাক্ষাৎকারগুলোর ওপর ভিত্তি করেই এই বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে।
ভূমিকা
গত দুই দশকে দেশের কৃষিব্যবস্থায় উল্লেখযোগ্যভাবে পরিবর্তন এসেছে। কিছুদিন আগেও এই অঞ্চলে কৃষি বলতে মূলত ধান, পাট, গম কিংবা প্রচলিত সবজি চাষের বিষয়টিই মুখ্য ছিল। বর্তমানে বিদেশি বিভিন্ন ফল, কিংবা অমৌসুমি সবজির চাষও হচ্ছে। আবার নতুন নতুন প্রযুক্তিগত সুবিধা, যেমন পলিশেড, নেট হাউস, ড্রিপ ইরিগেশন এবং স্বয়ংক্রিয় সেচব্যবস্থা, ভার্মি কম্পোস্ট প্রভৃতির ব্যবহার বেড়েছে। সবই সম্ভব হয়েছে আসলে দেশের কৃষি খাতে যথার্থ নীতি নির্ধারণ করে, নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন করে এবং সেই প্রযুক্তি মাঠপর্যায়ে কৃষকের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে। এ ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যৌথ অবদান অনেক বেশি। তবে কৃষিতে প্রযুক্তির এই রূপান্তরের কারণে শুধু নতুন সুযোগ বা সম্ভাবনাই তৈরি হয়নি, বরং প্রয়োজন তৈরি হয়েছে নতুন জ্ঞানের ও সচেতনতারও।
এই ফসলগুলো বাংলাদেশে এসেছে অতি সম্প্রতি। ২০০৩ সালে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা বারি মাল্টা উদ্ভাবন করেন (বড়ুয়া ২০১৫)। একই সময়ে এটা জাতীয় বীজ বোর্ডের অনুমোদন পায়। তবে জেলা পর্যায়ে বাণিজ্যিক চাষ ছড়িয়ে পড়তে আরও সময় লেগেছে। যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ায় মাল্টা চাষ শুরু হয় ২০১৩-১৪ অর্থবছরে (শাহীন ২০২০)। ২০১৫ সালের পরে মূলত সমতলে এই ফসলের বাণিজ্যিক চাষ ছড়িয়েছে।
আবার ২০০৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারের উদ্যোগে ড্রাগন ফল বাংলাদেশে নিয়ে আসা হয় এবং দেশের মাটি ও জলবায়ুতে এটি কতটা উপযোগী, সেটা গবেষণা শুরু করা হয় (রহিম ও আলম ২০১৯)। পরবর্তী সময়ে ব্যক্তি উদ্যোগে কিছু কৃষক ফলটির চাষ শুরু করেন। ২০১৪ সালের দিকে এই ফলের বাণিজ্যিক চাষ ব্যাপকভাবে শুরু হয় (সুপ্রিয়া ২০২৫)। ২০০৭ সালেই আরও একটা নতুন ফলের চাষ শুরু হয়। ব্যক্তি উদ্যোগে রাঙামাটি শহরের এক বাসিন্দা থাইল্যান্ড থেকে দুটি রামবুটানের বীজ নিয়ে আসেন। বাড়ির আঙিনায় বীজ বপন করলে একটি চারা আসে। ২০১২ সালে সেই চারা বড় হয়ে পরিণত গাছে কিছু ফল আসে। পরের বছর থেকে ফল বাড়তে থাকে। তবে বাণিজ্যিক চাষ এখনো সীমিত এবং মূলত পার্বত্য জেলাগুলোতে কেন্দ্রীভূত (সাধন ২০১৯)। ২০১২ সালে নওগাঁয় অস্ট্রেলিয়া থেকে আনা চারা দিয়ে তিন বিঘা জমিতে বীজহীন ক্রিমসন সিডলেস এবং মেনেনডি সিডলেস জাতের আঙুর চাষ শুরু হয়। আঙুরের কোনো বারি-অনুমোদিত জাত নেই, কৃষকেরা মূলত ভারত ও অন্যান্য দেশ থেকে সরাসরি চারা আনছেন (বহুমাত্রিক.কম, ২০১৪)। আমেরিকার প্রচলিত ফল অ্যাভোকাডো এ দেশে আনা হয় ২০১৭ সালে। এটার বীজ রোপণ করা হয় হর্টিকালচার সেন্টারের জার্মপ্লাজম সেন্টারে। বিভিন্ন ধরনের গবেষণা শেষে ছয় বছর পর প্রথম সাফল্য আসে। এরপর নিয়মিত ফল ধরার কারণে ২০১৭ সাল থেকে কলম চারা তৈরির মাধ্যমে শুরু হয় বাণিজ্যিক সম্প্রসারণ (আনোয়ার ২০১৯)। কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংয়ের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ৩৪ প্রজাতির বিদেশি ফল বিভিন্ন অঞ্চলে চাষ হয়। তবে ব্যক্তিগত পর্যায়ে বা ছাদবাগানে শৌখিনভাবে চাষ হওয়া ফলের সংখ্যা হিসাব করলে এটি আরও বেশি হবে (নাজমুল ২০২৬)।
অর্থাৎ এটা বোঝা যায় যে বাংলাদেশে বিদেশি ফসলগুলোর বিস্তার হয়েছে মূলত গত দুই দশকে। এসব ফসলের অনেকগুলোই গবেষণাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দেশে প্রবর্তিত হয়েছে। পরবর্তী সময়ে কৃষি সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে কৃষকের কাছে পৌঁছায়। ফলে বর্তমান প্রজন্মের অনেক কৃষকের জন্য এসব ফসল সম্পর্কে পারিবারিক বা বাবা–দাদার কাছ থেকে এই চাষ শেখার সুযোগ নেই। এই শূন্যস্থান পূরণে সামাজিক যোগাযোগমাধ্যম—ইউটিউব, ফেসবুক কিংবা অন্যান্য ডিজিটাল মাধ্যম গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হিসেবে আবির্ভূত হয়েছে।
একই সময়ে বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোও দ্রুত সম্প্রসারিত হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে মাসের শেষে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১৩ কোটি ৪০ লাখ এবং মুঠোফোন গ্রাহকের সংখ্যা ১৮ কোটি ৮৬ লাখ অতিক্রম করেছে। এর মধ্যে ১১ কোটি ৯১ লাখ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী।
২০২৫ সালের শেষ সময়ের তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘ডিজিটাল ২০২৬: বাংলাদেশ (৮ নভেম্বর ২০২৫)’ প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। আর এই প্রতিবেদন থেকেই জানা যায়, ইউটিউব দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর একটি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের শেষ সময়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ইউটিউবের সম্ভাব্য বিজ্ঞাপনভিত্তিক শ্রোতার সংখ্যা প্রায় ৪ কোটি ৯৮ লাখ। একই প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউবের সম্ভাব্য শ্রোতাসংখ্যা বাংলাদেশের মোট ব্যবহারকারীর ৬০.১ শতাংশের সমতুল্য।
ফলে ইউটিউব, ফেসবুক ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম এখন আর শুধু বিনোদনের মাধ্যম নয়। এগুলো কৃষিজ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ উৎসও বটে। নতুন ফসলের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, রোগবালাই ব্যবস্থাপনা, সেচ প্রযুক্তি, পরিচর্যা ও বাজারজাতকরণের কৌশল—সব ধরনের তথ্য এখন কয়েকটি ক্লিকেই পাওয়া যায়। বিশেষ করে যেসব ফসল সম্পর্কে পারিবারিক বা স্থানীয় অভিজ্ঞতা সীমিত, সেসব ক্ষেত্রে অনেক কৃষকের জন্য ইউটিউব প্রাথমিক শেখার একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করছে। অর্থাৎ নতুন ফসলের ক্ষেত্রে প্রজন্মের ব্যবধানে জ্ঞানের যে শূন্যতা তৈরি হয়েছে, সেই জায়গায় ইউটিউব একটি নতুন জ্ঞানের উৎস হয়ে উঠেছে।
গবেষণা পদ্ধতি
এই গবেষণায় গুণগত গবেষণাপদ্ধতি অনুসরণ করা হয়েছে। আধা কাঠামোবদ্ধ সাক্ষাৎকারপদ্ধতি ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হয়। অর্থাৎ পূর্বনির্ধারিত একটি সাক্ষাৎকার নির্দেশিকার ভিত্তিতে সব অংশগ্রহণকারীর কাছে একই প্রশ্ন করা হয়। কিন্তু তাঁদের উত্তর অনুযায়ী প্রয়োজনীয় ফলোআপ প্রশ্ন করা হয়েছে। এতে পূর্বনির্ধারিত প্রশ্নের পাশাপাশি অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ বিস্তারিতভাবে উঠে আসার সুযোগ থাকে। সাক্ষাৎকারদাতা হিসেবে তাঁদেরই নির্বাচন করা হয়েছে, যাঁরা ইউটিউব থেকে তথ্য নিয়ে ব্যতিক্রমধর্মী কৃষি উদ্যোগ গ্রহণ করেছেন। অর্থাৎ নমুনা নির্বাচন করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে এবং গৃহীত সাক্ষাৎকারগুলোকে থিমেটিক পদ্ধতিতে বিশ্লেষণ করা হয়েছে। মূলত মনোবিজ্ঞানী ও গুণগত গবেষণা বিশেষজ্ঞ ভার্জিনিয়া ব্রাউন ও ভিক্টোরিয়া ক্লার্কের (২০০৬) থিমভিত্তিক বিশ্লেষণপদ্ধতি অনুসরণ করেই এ বিশ্লেষণ করা হয়েছে। এ পদ্ধতিতে সাক্ষাৎকার বারবার পাঠ করে পুনরাবৃত্ত ধারণা, অভিজ্ঞতা শনাক্ত করা হয়। পরবর্তী সময়ে কোডিংয়ের মাধ্যমে সেগুলো সংগঠিত করে বিভিন্ন থিমে রূপান্তর করা হয়। এ থিমগুলোই আলোচনার মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে।
অংশগ্রহণকারীদের শনাক্ত করতে দেশের বিভিন্ন জেলার সংবাদ প্রতিনিধিদের স্থানীয় নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে। তাঁরা সম্ভাব্য কৃষি উদ্যোক্তাদের পরিচয় ও যোগাযোগের তথ্য সরবরাহ করেন। এরপর প্রত্যেক অংশগ্রহণকারীর সঙ্গে টেলিফোনে সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এই গবেষণার জন্য বাংলাদেশের আট জেলা—বগুড়া, রংপুর, লালমনিরহাট, চাঁদপুর, মানিকগঞ্জ, সিলেট, রাজশাহী ও যশোর থেকে ১১ জন কৃষি উদ্যোক্তার সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। তাঁদের বয়স ২৭ থেকে ৬২ বছর। তাঁদের মধ্যে পেশাগত বৈচিত্র্যও আছে। পেশাদার কৃষকের পাশাপাশি শিক্ষক ও সাংবাদিকও আছেন। সাক্ষাৎকারে ইউটিউব থেকে তথ্য ব্যবহারের অভিজ্ঞতা, তথ্যের বিশ্বাসযোগ্যতা মূল্যায়নের পদ্ধতি, তথ্য যাচাইয়ের কৌশল এবং বাস্তবে প্রয়োগের অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করা হয়। বিশ্লেষণের ক্ষেত্রে কোনো পরিসংখ্যানগত সাধারণীকরণ করা হয়নি, বরং তথ্য ব্যবহারের ধারা বোঝার চেষ্টা করা হয়েছে।
ইউটিউবভিত্তিক কৃষিজ্ঞানের তাত্ত্বিক ভিত্তি
এই অনুসন্ধানে মূলত দেখার চেষ্টা করা হয়েছে, ইউটিউব থেকে পাওয়া তথ্য আসলে কৃষকেরা কীভাবে ব্যবহার করছেন? তাঁরা কি ভিডিও দেখে সরাসরি সেই তথ্যের ওপর নির্ভর করেই চাষাবাদ শুরু করেন, নাকি তথ্য যাচাই করেন? কেনই–বা তাঁরা ফসল চাষের তথ্য ইউটিউব থেকে জানতে চান? আর সেই তথ্য কীভাবেই–বা আবার ছড়িয়ে পড়ছে?
এই প্রশ্নের উত্তরগুলো অনুসন্ধানে নির্ভর করা হয়েছে পৃথক পৃথক তিনটি তাত্ত্বিক কাঠামোর ওপর। তাত্ত্বিক কাঠামোগুলো হলো ইউজেস অ্যান্ড গ্র্যাটিফিকেশনস থিওরি (Uses and Gratifications Theory), ইউনেসকোর মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি (এমআইএল) ফ্রেমওয়ার্ক (UNESCO Media and Information Literacy (MIL) Framework) এবং ডিফিউশন অব ইনোভেশনস থিওরি (Diffusion of Innovations Theory)। প্রথম তত্ত্বটির পাটাতনে দাঁড়ালে আমরা জানতে পারব কেন কৃষকেরা ইউটিউবকে তথ্যের উৎস হিসেবে নির্বাচন করেছেন। দ্বিতীয় তত্ত্বটি ব্যাখ্যা করে তাঁরা প্রাপ্ত তথ্য কীভাবে ব্যবহার করছেন। আর তৃতীয়টি ব্যাখ্যা করে যে নতুন নতুন কৃষিপ্রযুক্তি কিংবা চাষাবাদের ধারণা কীভাবে একজন কৃষক থেকে অন্য কৃষকের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সেটা গ্রহণযোগ্যতা লাভ করে।
কৃষকেরা ইউটিউবকে কেন তথ্যের উৎস হিসেবে দেখছেন?
ইউজেস অ্যান্ড গ্র্যাটিফিকেশনস তত্ত্বের মূল ধারণা হলো সুনির্দিষ্ট প্রয়োজনেই মানুষ সচেতনভাবে একটা মাধ্যম বেছে নেয়। অর্থাৎ সাধারণ মানুষ মিডিয়ার নিষ্ক্রিয় ভোক্তা নন। এলাইহু কাটজ, মাইকেল গুরেভিচ ও হাদাসাহ হাসের (১৯৭৩) মতে, মানুষ নিজের প্রয়োজন অনুযায়ী তথ্য, শিক্ষা, সমস্যা সমাধান বা অনুপ্রেরণার জন্য মিডিয়া ব্যবহার করে। এই গবেষণায় কৃষকদের ইউটিউব ব্যবহারের পেছনেও সুনির্দিষ্ট তিনটি আলাদা উদ্দেশ্য রয়েছে। প্রথমত, দেখা যায়, ইউটিউবের ভিডিও দেখেই কৃষকদের ব্যতিক্রমী ফসল চাষের আগ্রহ তৈরি হয়েছে। যেমন ড্রাগন ফল, আঙুর, অ্যাভোকাডো প্রভৃতি। দ্বিতীয়ত, কোনো কোনো কৃষক বর্ষায় চারা নষ্ট হওয়া, রোগবালাই নিয়ন্ত্রণ, কিংবা সেচ বা পরিচর্যার সমাধান খুঁজতে ইউটিউবে সার্চ করেছেন। অর্থাৎ কৃষকেরা বিনোদনের জন্য নয়, বরং একটি নির্দিষ্ট প্রয়োজন পূরণের উদ্দেশ্যে ইউটিউব ব্যবহার করেছেন। তৃতীয়ত, কৃষিতে নতুন কোনো প্রযুক্তি, চাষাবাদের নতুন কোনো ধাপ বা বিদেশি কৃষিপদ্ধতি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্যও তাঁরা ইউটিউব ব্যবহার করেছেন। অর্থাৎ এটা নিশ্চিত যে কৃষকেরা তাঁদের নির্দিষ্ট প্রয়োজনের পরিপ্রেক্ষিতেই ইউটিউব ব্যবহার করেছেন।
ইউটিউবের ভিডিওতে প্রাপ্ত তথ্য বাস্তবে প্রয়োগে বাছাই করছেন কি না?
ইউনেসকোর মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি কাঠামো অনুযায়ী, মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসিকে এমন একগুচ্ছ দক্ষতার সমষ্টি হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, যা নাগরিকদের নিম্নোক্ত কাজগুলোতে সক্ষম করে তোলে:
১. বিভিন্ন টুল ব্যবহার করে সব ধরনের ফরম্যাটে তথ্য খুঁজে পাওয়া এবং তা সংগ্রহ করা। ২. প্রাপ্ত তথ্য বা মিডিয়া কনটেন্টকে সমালোচনামূলক বা যৌক্তিকভাবে বিচার ও বিশ্লেষণ করা। ৩. নৈতিক ও কার্যকর উপায়ে ব্যক্তিগত ও পেশাগত প্রয়োজনে তথ্যের ব্যবহার নিশ্চিত করা। ৪. নতুন কন্টেন্ট তৈরি করা এবং অন্যদের সঙ্গে তা শেয়ার করা, যাতে ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা যায়। এই দক্ষতাগুলো একজন নাগরিককে কেবল তথ্য গ্রাহক হিসেবে নয়, বরং তথ্যের একজন সচেতন ও দায়িত্বশীল ব্যবহারকারী এবং অংশগ্রহণকারী হিসেবে গড়ে তোলে।
আলোচ্য অনুসন্ধানে দেখা যায়, প্রায় সব কৃষকই ইউটিউবের ভিডিওর মাধ্যমে নতুন তথ্যে প্রবেশ করছেন। লক্ষণীয় বিষয় হলো তাঁরা অধিকাংশ ভিডিও অন্ধভাবে অনুসরণ করেননি। তবে তাঁদের তথ্য যাচাই করার ধরন বা উপায় একই রকমের ছিল না। কেউ অভিজ্ঞ কৃষকের পরামর্শ নিয়েছেন, কেউ নিজের মাঠে ছোট পরিসরে পরীক্ষা করে তারপর বড় পরিসরে প্রয়োগ করেছেন, আবার অনেকেই কৃষি কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন। আবার একই সঙ্গে কয়েকজন কৃষক নিজের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার কথাও জানিয়েছেন। অর্থাৎ এই গবেষণায় মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি কাঠামো কৃষকদের তথ্য-অনুসন্ধান, তথ্য-যাচাই এবং তথ্য প্রয়োগের সক্ষমতা বিশ্লেষণের একটা কার্যকর ভিত্তি বলা চলে।
তথ্য কীভাবে একজন কৃষক থেকে আরেকজন কৃষকের মধ্যে ছড়িয়ে পড়ছে?
এভারেট এম রজার্স (২০০৩) প্রণীত ‘ডিফিউশন অব ইনোভেশনস থিওরি’ অনুযায়ী, ডিফিউশন হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো নতুন ধারণা, প্রযুক্তি বা উদ্ভাবন নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন যোগাযোগমাধ্যমের সাহায্যে একটি সামাজিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। এই তত্ত্ব অনুযায়ী, কোনো উদ্ভাবন কত দ্রুত গ্রহণ করা হবে, সেটা মূলত পাঁচটি বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে। সেগুলো হলো—আপেক্ষিক সুবিধা, সামঞ্জস্যতা, জটিলতা, পরীক্ষার গ্রহণযোগ্যতা ও পর্যবেক্ষণযোগ্যতা (গার্সিয়া-আভিলেস ২০২২)। রজার্স আরও দেখিয়েছেন, মানুষ নতুন কোনো প্রযুক্তি গ্রহণের আগে জ্ঞান অর্জন, প্ররোচনা, সিদ্ধান্ত, বাস্তবায়ন ও নিশ্চিতকরণের মতো পাঁচটি ধাপ অতিক্রম করে।
বর্তমান গবেষণায় দেখা যায়, ড্রাগন ফল, আঙুর, অ্যাভোকাডো, রামবুটান, পলিশেড প্রযুক্তি বা আধুনিক সেচব্যবস্থার মতো নতুন ধারণাগুলোর সঙ্গে অধিকাংশ কৃষকের প্রথম পরিচয় হয়েছে ইউটিউবের মাধ্যমে। তবে তাঁরা সরাসরি প্রযুক্তি গ্রহণ করেননি; বরং ছোট পরিসরে পরীক্ষা করেছেন, কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়েছেন, স্থানীয় বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখেছেন এবং সফল হওয়ার পর অনেক ক্ষেত্রে অন্য কৃষকেরাও সেই পদ্ধতি অনুসরণ করেছেন। অর্থাৎ ইউটিউব এখানে শুধু তথ্য সরবরাহকারী নয়; বরং কৃষি উদ্ভাবনের বিস্তারে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম হিসেবে কাজ করছে।
থিম ১
ইউটিউব যেন নতুন কৃষিজ্ঞানের বাহক
এই গবেষণায় অংশগ্রহণকারী প্রায় সব কৃষি উদ্যোক্তাই জানিয়েছেন, ইউটিউব না থাকলে তাঁরা এই ফসলগুলো, প্রযুক্তিনির্ভর চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানতে পারতেন না। তাঁদের পরিবার বা এলাকায় কেউও ড্রাগন ফল, আঙুর, রামবুটান, অ্যাভোকাডোর চাষাবাদ কিংবা বা পলিশেড পদ্ধতি প্রভৃতি সম্পর্কে জানতেন না। সুতরাং এটা বলা যায়, ইউটিউব এখানে শুধু তথ্যের মাধ্যম হিসেবেই কাজ করেনি, বরং কৃষি-সম্পর্কিত নতুন জ্ঞানের বাহক হিসেবেও কাজ করেছে।
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পানিশাইল গ্রামের ২৮ বছরের কৃষক বিকাশ চন্দ্র সরকার বলেছেন, ‘আমার বিশ্বাস, ইউটিউব কিংবা এই পদ্ধতিটা না জানলে আজ আমি এতটা এগিয়ে আসতে পারতাম না। কারণ, সবজি চাষে সফল হতে হলে উন্নত মানের চারা উৎপাদন খুবই গুরুত্বপূর্ণ। যদি আগের মতো শুধু প্রচলিত পদ্ধতির ওপর নির্ভর করতাম, তাহলে বারবার ক্ষতির কারণে এত বড় পরিসরে কাজ করার সাহস বা সুযোগ কোনোটাই পেতাম না। ইউটিউব আমাকে নতুন চিন্তা, নতুন প্রযুক্তি ও আত্মবিশ্বাস দিয়েছে।’
বেনাপোলের রাজনগর চকের ২৮ বছরের কৃষক ইমন হোসেন জানান, ‘ইউটিউব থেকেই আঙুর চাষ সম্পর্কে জানতে পারি। এরপর আঙুর চাষ শুরু করলে প্রথম বছর ক্ষতি হয়। পরে জানতে পারি, বীজ ভালো ছিল না। নতুন বীজ সম্পর্কেও জানতে পারি ইউটিউব থেকে।’
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী গ্রামের কৃষক ২৭ বছরের মেহেদি হাসান বলেছেন, ‘ইউটিউব না থাকলে কৃষি এত আধুনিক হতো না। বাংলাদেশে এত ফলের বাগান করা সম্ভব হতো না।’ একইভাবে বগুড়ার ধুনট উপজেলার বেড়েরবাড়ী গ্রামের ৩৪ বছরের জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ভিন্ন ধরনের চাষাবাদের প্রতি আগ্রহ থেকেই তিনি ইউটিউবে খুঁজে দেখেছেন এবং নিজের এলাকায় প্রথম এই চাষ শুরু করেছেন।
ইউজেস অ্যান্ড গ্র্যাটিফিকেশনস তত্ত্বের আলোকে বিষয়টাকে ব্যাখ্যা করলে বলা যায়, সুনির্দিষ্ট প্রয়োজন থেকেই এই কৃষকেরা ইউটিউবে সার্চ করেছেন। নতুন ফসল সম্পর্কে জানতে, নতুন চাষাবাদ সম্পর্কে জানতে। আর এই ফসলগুলো বাংলাদেশে এতটাই নতুন যে পূর্ব প্রজন্মের অভিজ্ঞতা থেকে শেখার কোনো সুযোগই নেই। ডিফিউশন অব ইনোভেশনস থিওরির ভাষায়, ইউটিউব এখানে নতুন কৃষিজ্ঞানের বাহকও, যেখান থেকে কৃষকের সঙ্গে কৃষির নতুন ধারণার প্রথম পরিচয় ঘটে।
থিম ২
ইউটিউবই একমাত্র নির্ভরতা নয়, বিশেষজ্ঞের পরামর্শের ভূমিকা অন্যতম
এই গবেষণায় লক্ষণীয় বিষয় হলো, অংশগ্রহণকারীদের কেউই ইউটিউব দেখেই সরাসরি চাষাবাদ শুরু করেননি। প্রায় সবাই ইউটিউবের তথ্য দেখে বাইরে অন্তত একটি উৎস থেকে যাচাই করেছেন। কেউ কৃষি কর্মকর্তার কাছে গেছেন, কেউ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) খোঁজ নিয়েছেন, কেউ সরাসরি অন্য কৃষকের বাগান দেখতে গেছেন, কেউ আগে নিজের উঠানে পরীক্ষা করেছেন, আবার কেউ অভিজ্ঞ কৃষকের পরামর্শও নিয়েছেন।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের মিরারগাঁও গ্রামের ৪৮ বছরের কৃষি উদ্যোক্তা হাসান আহমেদ বলেন, ‘আমি ভিডিও দেখার পর সরাসরি চাষ শুরু করিনি। খোঁজখবর নিয়েই চাষাবাদ শুরু করি। আমি কৃষি বিভাগ এবং বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি।’ আহমেদ জানান, তিনি যুক্তরাজ্যে ছিলেন বছর দুয়েক। দেশে এসে তাঁর পেশা শিক্ষকতা ছেড়ে তিনি কৃষির প্রতি ঝুঁকে পড়েন। লালমনিরহাটের ৩৫ বছরের নাজমুল ইসলাম নবাব বলেন, ‘আমি সরাসরি চাষ শুরু করিনি। আমি হর্টিকালচার সেন্টারে পরামর্শ নিয়ে শুরু করেছি।’ বগুড়ার জাহাঙ্গীর আলম বলেন, ‘ভিডিও দেখে ধারণা নিই, নিজে বুঝি। কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলি।’ মানিকগঞ্জের বিকাশ বলেন, ‘ভিডিও দেখে আগ্রহী হওয়ার পর আমি উপজেলা কৃষি অফিসে যাই এবং কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করি। তাঁরা আমাকে সহযোগিতার আশ্বাস দেন। পরে আরও ভালোভাবে শেখার জন্য তাঁরা আমাকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুরে গিয়ে আধুনিক চারা উৎপাদনের পদ্ধতি দেখে আসার পরামর্শ দেন। পরে সেখানে যাই।’ বগুড়ার মেহেদি বলেন, ‘ভিডিও দেখে সবকিছু করা সম্ভব নয়। কারণ, ভিডিওতে অনেক মিথ্যা তথ্য দেওয়া থাকে। তাই আমি কিছু ভিডিও দেখি। আবার সরাসরি বাগান ভিজিট করেও কিছু অভিজ্ঞতা অর্জন করছি। ভিডিও দেখে চাষ শুরু না করাটাই ভালো বলে আমি মনে করি। অভিজ্ঞ লোকদের কাছে পরামর্শ নিয়ে করাটাই ভালো।’
ইউনেসকোর মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি কাঠামো অনুযায়ী, তথ্য-সাক্ষর মানুষ শুধু তথ্যে প্রবেশ করেন না, সেই তথ্য বিশ্লেষণ ও মূল্যায়ন করে তারপর বাস্তবে প্রয়োগ করেন। এই কৃষকদের আচরণে সেই প্রক্রিয়াই দেখা যাচ্ছে। ইউটিউব থেকে প্রাথমিক তথ্য নিয়েছেন, তারপর বিশেষজ্ঞ ও মাঠের অভিজ্ঞতার আলোকে যাচাই করেছেন, তারপর প্রয়োগ করেছেন। ডিফিউশন অব ইনোভেশনস থিওরি অনুসারে, এই যাচাইয়ের ধাপটি উদ্ভাবন গ্রহণের পরীক্ষামূলক যাচাইয়ের বৈশিষ্ট্যের প্রতিফলন। নতুন পদ্ধতি ছোট পরিসরে পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পরই বড় পরিসরে গ্রহণ করা।
থিম ৩
তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কৃষকের নিজস্ব মানদণ্ড
উল্লিখিত ওপরের অনুচ্ছেদে দেখা গেছে, কৃষকেরা ইউটিউবের বাইরে বিশেষজ্ঞ বা অভিজ্ঞ কৃষকের শরণাপন্ন হয়েছেন; কিন্তু ইউটিউব দেখার মুহূর্তটাতেই একটা প্রশ্ন তৈরি হয়, সেটা হলো—আসলে কোন ভিডিওটা বিশ্বাসযোগ্য? সাক্ষাৎকারে উত্তরগুলো বিবেচনায় দেখা যায়, এই প্রশ্নের উত্তর খুঁজতে কৃষকেরা নিজেরাই একটা মানদণ্ড তৈরি করে নিয়েছেন।
বগুড়ার নিমগাছী ইউনিয়নের নিমগাছী গ্রামের ৩৫ বছরের মিনহাজুল ইসলাম নাহিদ বলেছেন, ‘ভিডিও পুরো ফলো করি না। ওদের প্যাটার্ন দেখি, তারপর নিজের অভিজ্ঞতা থেকে কাজ করি।’ প্রায় একই উত্তর দিয়েছেন রংপুর জেলার ৪০ বছরের তৌহিদ মিয়া মিসবাহ উদ্দিন। তিনি বলেন, ‘নিজের জ্ঞান বা ধারণা থেকে বোঝার চেষ্টা করি কোন ভিডিও সঠিক, আর কোনটা বানানো।’
চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারসংলগ্ন ডাকাতিয়া নদীর তীরে ৬২ বছরের হেলাল উদ্দিন বলেন, ‘যেসব ভিডিওতে বাস্তব চাষের পুরো প্রক্রিয়া, সমস্যা, সমাধান এবং ফলাফল দেখানো হয়, সেগুলো বেশি বিশ্বাসযোগ্য মনে হয়। শুধু চমকপ্রদ ফলনের দাবি বা অতিরঞ্জিত প্রচারণামূলক ভিডিওকে আমি সতর্কতার সঙ্গে দেখি।’ রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি গ্রামের ৩০ বছরের শিবলী সাদিক শুভ বলেছেন, ‘ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে কেউ কখনো দেয় না।’
ইউনেসকোর মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসির ভাষায় বলা যায়, কৃষকেরা ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য মূল্যায়নের দক্ষতা অর্জন করছেন। পেশায় সাংবাদিক হেলালের মতো যাঁরা তথ্য যাচাইয়ে অভ্যস্ত তাঁরা এটাকে বেশি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে দেখেছেন। অন্যদিকে মিনহাজের মতো অনেকেই নিজস্ব একটা যাচাই পদ্ধতি তৈরি করে নিয়েছেন।
থিম ৪
স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য বিধান ছাড়া ইউটিউবের জ্ঞান অসম্পূর্ণ
ইউটিউবের ভিডিওর মাধ্যমে কৃষকদের নতুন ফসল ও প্রযুক্তি সম্পর্কে দ্রুত ধারণা দেওয়ার সুযোগ তৈরি করলেও, ভিডিওতে দেখা পদ্ধতি কখনোই সরাসরি স্থানীয় বাস্তবতায় প্রয়োগ করা যায় না। অংশগ্রহণকারীদের অভিজ্ঞতায় বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। কারণ, একেক অঞ্চলের মাটি, তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা ও অন্যান্য পরিবেশগত পরিস্থিতি ভিন্ন। ফলে অন্য দেশ বা অঞ্চলের কৃষকের অভিজ্ঞতা দেখে কোনো পদ্ধতি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া গেলেও, সেটি নিজের জমিতে প্রয়োগের আগে স্থানীয় বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখা প্রয়োজন হয়।
মানিকগঞ্জের কৃষক বিকাশ চন্দ্র সরকার ইউটিউবে বিদেশের পলিশেডে সবজির চারা উৎপাদনের প্রযুক্তি দেখলেও সরাসরি সেই পদ্ধতি অনুসরণ করেননি। তাঁর ভাষায়, ভিডিওতে দেখানো দেশের মাটি ও আবহাওয়ার সঙ্গে বাংলাদেশের পরিবেশ এক নয়। তবে তিনি প্রযুক্তিটির মূল ধারণা যে চারাগাছকে ঝড়বৃষ্টি ও অতিরিক্ত পানি থেকে সুরক্ষিত রাখা—নিজের এলাকার বাস্তবতার সঙ্গে মিলিয়ে ব্যবহার করেছেন। মানিকগঞ্জের বিকাশ বলেছেন, ‘তাদের দেশের মাটি ও আবহাওয়ার সঙ্গে আমাদের এলাকার পরিবেশ এক নয়। তবে তাদের চারাগাছকে নিরাপদ রাখার প্রযুক্তিটি আমার কাছে খুবই কার্যকর মনে হয়েছে।’
অন্যদিকে চাঁদপুরের কৃষক হেলাল উদ্দিনও বলেছেন, ইউটিউবের তথ্যকে স্থানীয় মাটি, তাপমাত্রা, বৃষ্টিপাত ও পরিবেশের সঙ্গে মিলিয়ে প্রয়োগ করতে হয়েছে। চাঁদপুরের হেলাল জানিয়েছেন, ‘সব ক্ষেত্রে পুরোপুরি মেলেনি। কারণ, একেক এলাকার মাটি, তাপমাত্রা, বৃষ্টিপাত ও পরিবেশ ভিন্ন। তাই ইউটিউবের তথ্যকে স্থানীয় বাস্তবতার সঙ্গে মিলিয়ে প্রয়োগ করতে হয়েছে।’ লালমনিরহাটের নবাবও বলেছেন, ‘ভিডিওতে যা দেখায় তা পুরোপুরি মেলে না।’
একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন সিলেটের হাসান আহমেদ এবং লালমনিরহাটের নবাবও। তাঁদের অভিজ্ঞতা দেখায়, ইউটিউবের জ্ঞানকে একটি স্থির বা সর্বজনীন নির্দেশনা হিসেবে নয়; বরং স্থানীয় পরিস্থিতিতে পুনর্ব্যাখ্যা ও অভিযোজনযোগ্য তথ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এই প্রক্রিয়ায় কৃষকের ভূমিকা কেবল তথ্য গ্রহণকারীর নয়; বরং একই সঙ্গে তাঁকে তথ্যের প্রাসঙ্গিকতা বিচার করতে হয়। রজার্সের ডিফিউশন অব ইনোভেশনস তত্ত্বের সামঞ্জস্যতা ধারণাটি এখানে বিশেষভাবে প্রাসঙ্গিক। কোনো নতুন প্রযুক্তি বা পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে সেটি ব্যবহারকারীর বিদ্যমান পরিবেশ ও বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা গুরুত্বপূর্ণ। কৃষক বিকাশের ছোট পরিসরে পলিশেড প্রযুক্তি প্রয়োগ কিংবা অন্যান্য কৃষকের স্থানীয় পরিবেশ বিবেচনায় ইউটিউবের তথ্য পরিবর্তন করে ব্যবহার করার অভিজ্ঞতা দেখায়, উদ্ভাবন গ্রহণ একটি সরল অনুকরণের প্রক্রিয়া নয়। বরং অনলাইন থেকে পাওয়া জ্ঞানকে মাঠের বাস্তবতার সঙ্গে যাচাই, পরিবর্তন ও অভিযোজিত করার মধ্য দিয়েই সেটি কার্যকর কৃষিজ্ঞান হয়ে ওঠে। অর্থাৎ ইউটিউব তথ্যের উৎস হলেও, সেই তথ্যকে কার্যকর জ্ঞানে রূপান্তরিত করে স্থানীয় অভিজ্ঞতা। ইউনেসকোর মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসির ভাষায় এটি তথ্য প্রয়োগের সবচেয়ে পরিপক্ব রূপ—শুধু তথ্য গ্রহণ নয়, সেই তথ্যকে নিজের প্রেক্ষাপটে রূপান্তরিত করে প্রয়োগ করা।
থিম ৫
ইউটিউব ভিডিও কখনোই নির্ভরযোগ্য নয়
গবেষণায় অংশ নেওয়া কৃষকদের অভিজ্ঞতা বিশ্লেষণে দেখা যায়, ইউটিউবকে কৃষিতথ্যের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে ব্যবহার করলেও তাঁরা প্রত্যেকেই জানিয়েছেন, সব ভিডিও সমানভাবে নির্ভরযোগ্য নয়। ভিডিওর তথ্য বাস্তবসম্মত কি না, বাস্তবে সেই পদ্ধতি প্রয়োগ করে ফল পাওয়া গেছে কি না, সেখানে চাষের পুরো প্রক্রিয়া দেখানো হয়েছে কি না, সমস্যার কথা বলা হয়েছে কি না প্রভৃতি বিষয় বিবেচনা করেই তাঁরা তথ্যের গ্রহণযোগ্যতা বিচার করেন। তাঁদের কথায় অতিরঞ্জিত ফলনের দাবি, অসম্পূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় গোপন রাখা—এই তিন সমস্যার কথা বারবার উঠে এসেছে।
বগুড়ার মেহেদি সরাসরি বলেছেন, ইউটিউবের অনেক ভিডিওতে বলে ৫০ হাজার টাকা খরচ করে ৪ থেকে ৫ লাখ টাকা বিক্রি করা যায়, এটা পুরোটাই মিথ্যা ও বানোয়াট তথ্য। রাজশাহীর শুভ বলেন, ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে কেউ কখনো দেয় না। চাঁদপুরের হেলাল জানিয়েছেন, কিছু ভিডিওতে তথ্য অসম্পূর্ণ বা অতিরঞ্জিত ছিল। বিশেষ করে বিদেশি জাতের ফল নিয়ে অনেক সময় শুধু ভালো দিক দেখানো হয়; কিন্তু বাস্তব চ্যালেঞ্জগুলো বলা হয় না। সিলেটের হাসান জানিয়েছেন, কোনো কোনো ভিডিও আছে, যেটা আসলে ঠিক ছিল না। তখন ক্ষতিও হয়েছে।
ইউনেসকোর মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসির ধারণা অনুযায়ী, মিডিয়া লিটারেসির কেন্দ্রীয় সক্ষমতা হলো তথ্যের বিশ্বাসযোগ্যতা মূল্যায়ন করার দক্ষতা। বর্তমান গবেষণায় দেখা যাচ্ছে, অংশগ্রহণকারীরা অতিরঞ্জিত তথ্য সম্পর্কে সচেতন; কিন্তু সেই সচেতনতা সব সময় ক্ষতি ঠেকাতে পারেনি। সিলেটের হাসানের অভিজ্ঞতা সেটাই বলেছে। ডিফিউশন অব ইনোভেশনস তত্ত্বের বক্তব্য অনুসারে, যেকোনো নতুন বিষয় মানুষের মধ্যে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এই সময় মানুষ ভুল তথ্যের মধ্যে পড়লে ক্ষতিগ্রস্ত হন এবং খুব স্বাভাবিকভাবেই নতুন পদ্ধতি গ্রহণ করতে ভয় পান। অর্থাৎ বলাই যায় যে ভুল বা বিভ্রান্তিমূলক ইউটিউব ভিডিও শুধু একজন মাত্র কৃষককে ক্ষতি করে না। একই সঙ্গে পুরো একটা প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে।
থিম ৬
ইউটিউব ভিডিও মনোবল তৈরি করে উৎসাহিত করেছে
গবেষণায় অংশ নেওয়া কৃষকদের অভিজ্ঞতায় দেখা যায়, ইউটিউব থেকে পাওয়া তথ্য তাঁদের শুধু নতুন কৃষিপদ্ধতি সম্পর্কে জানায়নি, বরং অপরিচিত বা ব্যতিক্রমী চাষ শুরু করার আত্মবিশ্বাসও তৈরি করেছে। বিশেষ করে যেসব ফসল বা প্রযুক্তি তাঁদের এলাকায় আগে প্রচলিত ছিল না, সেগুলোর সফল প্রয়োগের ভিডিও দেখে কৃষকেরা নিজেদের ক্ষেত্রেও তা সম্ভব বলে মনে করেছেন।
লালমনিরহাটের কৃষক নবাব যেমন বলেছেন, ভিডিও দেখে তাঁর মনে হয়েছিল, ‘তারা পারলে আমিও পারব।’ এই উপলব্ধি তাঁকে মিশ্র ফলের বাগান গড়ে তুলতে উৎসাহিত করেছে। বগুড়ার মিনহাজুল ইসলাম নাহিদের ক্ষেত্রেও ইউটিউবের ভিডিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিভিন্ন জায়গায় আঙুর চাষ দেখে এবং ইউটিউবের ভিডিও থেকে বাংলাদেশের মাটিতেও আঙুর চাষ সম্ভব—এই ধারণা পাওয়ার পর তিনি নিজেও আঙুর চাষ শুরু করেন। মানিকগঞ্জের বিকাশ চন্দ্র সরকারের অভিজ্ঞতায়ও আত্মবিশ্বাস তৈরির বিষয়টি স্পষ্ট। খোলা মাঠে সবজির চারা উৎপাদনে বারবার ক্ষতির পর ইউটিউব থেকে পলিশেডে চারা উৎপাদনের প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন। পরে ছোট পরিসরে পরীক্ষা করে সফল হওয়ার পর তিনি বাণিজ্যিকভাবে বড় পরিসরে কাজ করার সাহস পান। অর্থাৎ ইউটিউবের দৃশ্যমান উদাহরণ এবং পরবর্তী বাস্তব সাফল্য একসঙ্গে তাঁর আত্মবিশ্বাসকে শক্তিশালী করেছে।
ইউজেস অ্যান্ড গ্র্যাটিফিকেশনস তত্ত্ব বলে মানুষ মিডিয়া ব্যবহার করে নির্দিষ্ট প্রয়োজন মেটাতে। সাধারণত আমরা মনে করি, কৃষকেরা ইউটিউব দেখেন তথ্যের জন্য, অর্থাৎ কীভাবে চাষ করবেন, কোন সার দেবেন। কিন্তু এই গবেষণায় দেখা যাচ্ছে, তথ্যের বাইরেও তাঁদের একটা প্রয়োজন পূরণ হচ্ছে। ভিডিওগুলো তাঁদের আত্মবিশ্বাসী করে তুলছে। অর্থাৎ ইউটিউব এই কৃষকদের কাছে দুটো কাজ করছে। একটা হলো তথ্য দেওয়া—কীভাবে ড্রাগন ফল চাষ করবেন। আরেকটা হলো মনোবল দেওয়া। অর্থাৎ এটা বলা যায়, বিষয়টা ইউজেস অ্যান্ড গ্র্যাটিফিকেশনস তত্ত্বে নতুন একটা দিকের সংযোগ করেছে।
রজার্স বলেছেন, কোনো নতুন পদ্ধতির ফলাফল যদি অন্যরা দেখতে পান, তাহলে সেটা গ্রহণ করার আগ্রহ বাড়ে। তিনি আরও বলেন, কোনো নতুন পদ্ধতি ছোট পরিসরে আগে পরীক্ষা করার সুযোগ থাকলে মানুষ সেটা গ্রহণ করতে বেশি আগ্রহী হন। কারণ, ঝুঁকি কম থাকে (রজার্স ২০০৩, ২৫৮)। নবাব বলেছেন, ফেসবুকে অন্যদের বাগান দেখে আগ্রহী হয়েছেন। মেহেদি বলেছেন, তাঁকে দেখে এলাকার অনেকে বাগান শুরু করেছেন। অর্থাৎ ইউটিউব ও ফেসবুক সাফল্যের ছবি দৃশ্যমান করছে এবং সেই দৃশ্যমানতাই নতুন কৃষকদের টানছে। রাজশাহীর কৃষক শুভ আগে বাড়ির আঙিনায় ছোট পরিসরে প্রথমে আনার চাষ পরীক্ষা করেছেন, তারপর বড় পরিসরে গেছেন। বগুড়ার কৃষকেরাও প্রথমে অল্প জমিতে শুরু করেছেন।
ইউটিউব পরীক্ষণযোগ্যতা তৈরি করে অন্যের সাফল্য দেখাচ্ছে। আর কৃষকেরা নিজেরাই সেটা পর্যবেক্ষণ করে তারপর অনুসরণ করছেন। এই দুটি বিষয় মিলে নতুন কৃষিপদ্ধতি দ্রুত ছড়িয়ে পড়ছে।
থিম ৭
পেশাগত জ্ঞান, পূর্ব অভিজ্ঞতা, তথ্য যাচাইয়ের অভ্যাস
এবং বাস্তব প্রয়োগই হলো মিডিয়া লিটারেসির ভিত্তি
হাসান আহমেদ, হেলাল উদ্দিন, মেহেদি হাসান ও শিশির মণ্ডলের অভিজ্ঞতার দিকে নজর দিলে বোঝা যায়, তাঁদের পেশাগত ও পূর্ববর্তী অভিজ্ঞতা ইউটিউবের কৃষিতথ্য গ্রহণের ক্ষেত্রে একটা অনুসন্ধানমূলক দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। বগুড়ার সাংবাদিক নিমগাছী গ্রামের ২৮ বছরের কৃষক শিশির মণ্ডল বলেন, ‘ভিডিও দেখে কোনো তথ্যের ভালোমন্দ তাৎক্ষণিকভাবে বোঝা কঠিন; তবে বারবার দেখলে এবং নিজের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখলে একটি ধারণা পাওয়া যায়।’
সিলেটের হাসান আহমেদ শিক্ষক হিসেবে তাঁর পেশাগত অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের ইউটিউব ব্যবহারের পাশাপাশি কৃষিকাজে নিজস্ব অভিজ্ঞতা তৈরি হয়েছে। ফলে ভিডিওতে দেখানো পদ্ধতি সরাসরি অনুসরণ না করে তিনি কৃষি বিভাগ ও বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেছেন। নিজস্ব অভিজ্ঞতা থেকে স্থানীয় মাটি ও আবহাওয়ার সঙ্গে মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি ভুল ভিডিও অনুসরণ করে ক্ষতির অভিজ্ঞতাও তাঁর পরবর্তী তথ্য মূল্যায়নের সক্ষমতাকে বৃদ্ধি করেছে বলে তিনি জানান। চাঁদপুরের হেলাল উদ্দিন নিজে সাংবাদিক হওয়ায় তথ্য খোঁজা এবং বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহের অভ্যাস আগে থেকেই ছিল। তিনি বড়দের অভিজ্ঞতা, আধুনিক কৃষিপ্রযুক্তি এবং মাঠের অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেন। অর্থাৎ তাঁর ক্ষেত্রে মিডিয়া ব্যবহারের পূর্ব অভিজ্ঞতা তথ্যের বিশ্বাসযোগ্যতা বিচারে সহায়ক হয়েছে। বগুড়ার মেহেদি চার বছরের মাঠের অভিজ্ঞতা থেকে বলেছেন, ‘ইউটিউবের অনেক ভিডিওতে বলে ৫০ হাজার টাকা খরচ করে ৪ থেকে ৫ লাখ টাকা বিক্রি করা যায়, এটা পুরোটাই মিথ্যা।’
অর্থাৎ তথ্য মূল্যায়নের দক্ষতা, অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে গড়ে ওঠে। এই গবেষণায় এটাই দেখা যাচ্ছে যে যাঁরা পেশাগতভাবে তথ্য যাচাইয়ে অভ্যস্ত এবং যাঁরা বছরের পর বছর মাঠে কাজ করেছেন, তাঁরা ইউটিউবের তথ্যও বেশি সমালোচনামূলক দৃষ্টিতে দেখছেন। এ জায়গা থেকে মিডিয়া লিটারেসি কোনো একটা একক দক্ষতা নয়। বরং পেশাগত জ্ঞান, পূর্ব অভিজ্ঞতা, তথ্য যাচাইয়ের অভ্যাস এবং বাস্তব প্রয়োগের একটা সম্মিলিত সক্ষমতায় মিডিয়া লিটারেসির সক্ষমতা গড়ে ওঠে।
সামগ্রিক আলোচনা
আলোচ্য গবেষণার ফলাফলকে বিশ্লেষণ করলে প্রথমেই যে পরিবর্তন দেখা যায়, সেটা হলো, কৃষকের জ্ঞান অর্জনের পরিসর সম্প্রসারিত হয়েছে। সাধারণভাবে কৃষিতে জ্ঞান প্রধানত পরিবার, স্থানীয় কৃষক, অভিজ্ঞতা ও কৃষি সম্প্রসারণের ব্যবস্থার মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়। কিন্তু এই গবেষণায় দেখা গেল, কৃষকেরা নতুন নতুন ফসল চাষ করতে আগ্রহী হচ্ছেন এবং এই নতুন ফসলের নতুন চাষাবাদ সম্পর্কে প্রচলিত ধারা থেকে জ্ঞান সব সময় পর্যাপ্ত হয় না। এ ক্ষেত্রে ইউটিউব একটা নতুন জ্ঞান-মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। প্রকৃতপক্ষে ইউটিউব বিশ্বের বিভিন্ন অঞ্চলের কৃষিপদ্ধতি, নতুন ফসল ও কৃষিতে প্রযুক্তি ব্যবহারের বাস্তব উদাহরণ একজন কৃষকের কাছে পৌঁছে দিচ্ছে এবং নতুন কিছু গ্রহণের সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে।
কিন্তু তথ্যের এই সহজলভ্যতা তথ্যের যথার্থতা নিশ্চিত করে না। গবেষণার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কৃষকেরা তথ্য পাওয়া এবং তথ্যকে জ্ঞান হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে দুটি ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করেন। এক, ইউটিউব থেকে কোনো তথ্য বা ভিডিও খুঁজে পাওয়া, দেখা ও জানা, অর্থাৎ তথ্য গ্রহণ করা। দুই, প্রাপ্ত তথ্যের সত্যতা ও প্রাসঙ্গিকতা যাচাই করা, নিজের স্থানীয় বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখে সেটা প্রয়োগ করা, অর্থাৎ তথ্যকে জ্ঞানে রূপান্তর করা। এটা থেকে বোঝ যায়, ইউটিউবের ভিডিও দেখা মানেই জ্ঞান অর্জন নয়; বরং প্রাপ্ত তথ্য বিচার-বিশ্লেষণ করে নিজের বাস্তব পরিস্থিতিতে কার্যকরভাবে প্রয়োগ করতে পারলেই কেবল সেটা ব্যবহারযোগ্য জ্ঞানে পরিণত হয়। অর্থাৎ এ গবেষণায় কৃষকের ডিজিটাল সক্ষমতার পার্থক্যকে শুধু কে ইন্টারনেট ব্যবহার করেন আর কে ব্যবহার করেন না—এ বিভাজনের মাধ্যমে ব্যাখ্যা করা যথেষ্ট নয়; বরং একই প্ল্যাটফর্ম ব্যবহার করেও তথ্য মূল্যায়ন ও প্রয়োগের সক্ষমতায় যে পার্থক্য থাকতে পারে, সেটা চিহ্নিত করাই এ গবেষণার মূল বিষয়।
গবেষণা থেকে আমরা দেখতে পারি, কৃষকেরা তাঁর প্রয়োজন অনুযায়ী ইউটিউবের ভিডিওগুলো দেখছেন। অর্থাৎ বলাই যায়, তাঁরা এটা নিয়মিতই ব্যবহার করেন। কিন্তু গবেষণার ফলাফল থেকে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য সামনে আসে, সেটা হলো, নিয়মিত ব্যবহারকারী আর সমালোচনামূলক ব্যবহারকারী এক বিষয় নয়। একজন কৃষক নিজের প্রয়োজন অনুযায়ী ভিডিও খুঁজে পেতেই পারেন, কিন্তু সেই ভিডিওর তথ্য যাচাই করার সুসংগঠিত কৌশল তাঁর না–ও থাকতে পারে। তাই নিয়মিত ইউটিউব ব্যবহারের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো কৃষকের তথ্য বিচারক্ষমতা।
মোটের ওপর ইউটিউবকে শুধু কৃষিতথ্যের একটি উৎস হিসেবে দেখা গবেষণাটির মূল বক্তব্য নয়। সরলভাবে কৃষকদের ইউটিউব ব্যবহারকে শুধু ‘ইউটিউব থেকে কৃষিজ্ঞান আহরণ করা’—এভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। কারণ, তাঁরা একই সঙ্গে তথ্য অনুসন্ধান করছেন, নতুন কিছু করার অনুপ্রেরণা পাচ্ছেন, অন্যের সাফল্য দেখে আত্মবিশ্বাসী হচ্ছেন, আবার ভিডিওর তথ্যকে স্থানীয় বাস্তবতা ও নিজেদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়েও পাঠ করছেন। অর্থাৎ ইউটিউব তাদের জন্য একই সঙ্গে তথ্যের উৎস, অনুপ্রেরণার মাধ্যম এবং নতুন কৃষি-উদ্ভাবন গ্রহণের একটা মাধ্যমও। তবে সেই তথ্যকে কার্যকর কৃষিজ্ঞান হিসেবে রূপান্তরিত করতে নিজস্ব অভিজ্ঞতা, স্থানীয় বাস্তবতা, পেশাগত দক্ষতা এবং কৃষি-সংশ্লিষ্ট অন্যান্য তথ্যসূত্রের সহায়তা প্রয়োজন হচ্ছে।
শেষ কথা
এই গবেষণার বেশ কয়েকটি সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, এখানে কেবল সক্রিয় ও সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়েছে। যাঁরা ভুল তথ্য অনুসরণ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাঁরা চেষ্টা করেও সফল হননি, তাঁদের এই গবেষণায় অন্তর্ভুক্ত করা যায়নি। দ্বিতীয়ত, নারী কৃষি উদ্যোক্তারা এ গবেষণায় অনুপস্থিত। এ বিষয়ে তাঁদের অভিজ্ঞতা নিয়ে আরও বিশদ গবেষণা প্রয়োজন আছে।
বাংলাদেশের কৃষি উদ্যোক্তারা ইউটিউবের তথ্য সরলভাবে বিশ্বাস করছেন কি না—এ প্রশ্নকে সামনে রেখে বর্তমান গবেষণাটি শুরু করা হয়েছিল। ৮টি জেলার ১১ জন উদ্যোক্তার অভিজ্ঞতা বিশ্লেষণ করে জানা গেল, তাঁরা কেউই অন্ধভাবে ইউটিউবের দেখানো তথ্যে বিশ্বাস করছেন না, অনুসরণও করছেন না। মূলত তাঁরা ইউটিউব থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করছেন, নতুন ফসল চাষ করতে অনুপ্রেরণা পাচ্ছেন এবং এরপর কৃষি কর্মকর্তা, অভিজ্ঞ কৃষক বা নিজের মাঠের পরীক্ষার মাধ্যমে যাচাই করে প্রাপ্ত তথ্যগুলো প্রয়োগ করছেন।
তবে এই গবেষণায় একটা নতুন বিষয় সামনে এসেছে, সেটা হলো, কৃষকদের মধ্যে তথ্য যাচাইয়ের দক্ষতা কোনো প্রাতিষ্ঠানিক মিডিয়া লিটারেসি শিক্ষার মাধ্যমে তৈরি হয়নি, বরং মাঠের অভিজ্ঞতা ও পেশাগত পটভূমি থেকে তাঁরা এই বিচক্ষণতা অর্জন করেছেন। এই অনানুষ্ঠানিক উপায়ে যাচাইয়ের দক্ষতা তৈরি হলেও সেটা সব সময় যে ক্ষতি ঠেকাতে পারছে না, সেটাও নয়। যেমনটা আমরা দেখেছি, সিলেটের হাসানের অভিজ্ঞতার ক্ষেত্রে।
ইউটিউব বর্তমানে নতুন ফসল, কৃষিতে নতুন প্রযুক্তি ও চাষাবাদ সম্পর্কে জ্ঞান অর্জন এবং কৃষিসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে নতুন প্রজন্মের কৃষকের মধ্যে প্রচলিত জ্ঞান উৎসের সঙ্গে সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে কৃষিজ্ঞান সংগ্রহ করার প্রবণতা বাড়ছে। কিন্তু আলোচ্য গবেষণায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে তথ্য গ্রহণের সক্ষমতা বাড়লেও তথ্যের বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের দক্ষতাও বাড়ছে। বরং গবেষণায় দেখা যায়, তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কৃষকেরা মূলত ব্যক্তিগত অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা, স্থানীয় অন্যান্য উৎসের ওপর বেশি নির্ভর করছেন। এর ফলে ভ্রান্ত তথ্য প্রয়োগ করার জন্য ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে। মোটের ওপর এটা বলা যায়, ইউটিউব থেকে কৃষি–সম্পর্কিত জ্ঞান গ্রহণের প্রক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হলেও সেটিকে মূল্যায়নের সক্ষমতা এখনো ব্যক্তিনির্ভরই থেকে গেছে। ফলে ইউটিউবভিত্তিক কৃষিতথ্যের ব্যবহার যত বাড়বে, প্রাপ্ত তথ্যকে যথার্থভাবে গ্রহণ, যাচাই ও প্রয়োগের সক্ষমতাকে সমানভাবে বিবেচনা করার প্রয়োজনও বাড়তে থাকবে। আর এ জন্যই প্রাতিষ্ঠানিকভাবে কৃষকদের মিডিয়া লিটারেসির শিক্ষায় শিক্ষিত করার প্রয়োজনীয়তাও জরুরি হয়ে উঠছে।
রচনাপঞ্জি
অ্যামটব ২০২৬।। অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব), ‘ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাটিসটিকস’ (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন), অ্যামটব, https://www.amtob.org.bd/home/industrystatics, প্রবেশ: ২৬ জুলাই ২০২৬।
আনোয়ার ২০১৯ ।। আনোয়ার হোসেন, ‘আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জে এবার অ্যাভোকাডো’, বাংলা ট্রিবিউন, ১৫ জুলাই, https://www.banglatribune.com/country/rajshahi/507409/আমের-রাজ্য-চাঁপাইনবাবগঞ্জে-এবার-অ্যাভোকাডো, প্রবেশ: ১০ ডিসেম্বর ২০২৫।
ইউনেসকো ২০২০।। UNESCO, UNESCO Media and Information Literacy Framework and Recent Initiatives, https://www.unesco.gov.ph/wp-content/uploads/2020/03/UNESCO-Media-and-Information-Literacy-Framework-and-Recent-Initiatives.pdf, প্রবেশ: ২০ মার্চ ২০২৪।
কাটজ ও অন্যান্য ১৯৭৩।। Elihu Katz, Michael Gurevitch, and Hadassah Haas, ‘On the use of mass media for important things’, American Sociological Review, 38, pp. 164–181, https://repository.upenn.edu/server/api/core/bitstreams/9b8e3b85-b218-4ffc-a5d5-cc1d7291eb26/content।
গার্সিয়া-আভিলেস ২০২২।। José Alberto García-Avilés, ‘Diffusion of Innovation’, in T. P. Vos & F. Hanusch (eds.), The International Encyclopedia of Journalism Studies, Hoboken: Wiley।
ডিজিটাল ২০২৫।। ‘ডিজিটাল ২০২৬: বাংলাদেশ’, ডেটারিপোর্টাল, ৮ নভেম্বর, https://datareportal.com/reports/digital-2026-bangladesh, প্রবেশ: ১০ জানুয়ারি ২০২৬।
নাজমুল ২০২৬ ।। নাজমুল হুসাইন, ‘দেশের মাটিতে চাষ হওয়া বিদেশি ফল রপ্তানির হাতছানি’, জাগো নিউজ ২৪, ২৮ জুন, https://www.jagonews24.com/economy/news/1131952, প্রবেশ: ১২ জুলাই ২০২৬।
বড়ুয়া ২০১৫।। বড়ুয়া, ‘আশা জাগাচ্ছে খাগড়াছড়ির বারি মাল্টা’, প্রথম আলো, ১১ অক্টোবর ২০১৫, https://www.prothomalo.com/lifestyle/আশা-জাগাচ্ছে-খাগড়াছড়ির-বারি-মাল্টা, প্রবেশ: ১০ ডিসেম্বর, ২০২৫।
বহুমাত্রিক ডটকম ২০১৪।। ‘নওগাঁয় অস্ট্রেলিয়ান আঙুর চাষ’, বহুমাত্রিক, ১৭ জুন, https://www.bahumatrik.com/agriculture/news/865, প্রবেশ: ১০ ডিসেম্বর ২০২৫।
ব্রাউন ও ক্লার্ক ২০০৬।। Virginia Braun and Victoria Clarke, ‘Using thematic analysis in psychology’, Qualitative Research in Psychology, 3(2), pp. 77–101, https://doi.org/10.1191/1478088706qp063oa।
রজার্স ২০০৩।। Everett M. Rogers, Diffusion of Innovations (5th ed.), New York: Free Press।
রহিম ও কামরুল ২০১৯।। এম এ রহিম ও মো. কামরুল আলম, ‘বিদেশি ফলের জাত প্রবর্তন, গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ’, কৃষিতথ্য সার্ভিস, ১ জুলাই, https://ais.gov.bd/pages/krishi-kotha/বিদেশি-ফলের-জাত-প্রবর্তন, প্রবেশ: ১০ জুলাই ২০১৯।
শাহীন ২০২০।। মীর মো. শাহীন, ‘মাল্টায় আত্মকর্মসংস্থান’, সময়ের আলো, ১৫ অক্টোবর, https://www.shomoyeralo.com/news/117607, প্রবেশ: ১০ ডিসেম্বর ২০২৫।
সাধন ২০১৯ ।। সাধন বিকাশ চাকমা, ‘পাহাড়ে রামবুটান স্বপ্ন দেখাচ্ছে’, প্রথম আলো, ৬ জুলাই, https://www.prothomalo.com/bangladesh/পাহাড়ে-রামবুটান-স্বপ্ন-দেখাচ্ছে, প্রবেশ: ৬ জুলাই ২০২৫।
সুপ্রিয়া ২০২৫।। Kaniz Supriya, ‘How a Facebook group is fuelling Bangladesh's dragon fruit revolution’, The Business Standard, 5 March, https://www.tbsnews.net/features/panorama/how-facebook-group-fuelling-bangladeshs-dragon-fruit-revolution-1085431, প্রবেশ: ১০ এপ্রিল ২০২৫।
লেখক পরিচিতি
জান্নাতুল রুহী বর্তমানে কর্মরত আছেন ঢাকার দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সংবাদপত্রের জ্যেষ্ঠ সহসম্পাদক হিসেবে। স্নাতকোত্তর ও স্নাতক ডিগ্রি নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে। জাতীয় দৈনিকগুলোতে সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করছেন। ২০২৪ সালের বইমেলায় অন্তর্জাল গণমাধ্যমের বাণিজ্যিকতা: যোগাযোগ, সাংবাদিকতা এবং সংবাদের পরিপ্রেক্ষিতে একটি বিশ্লেষণ (শ্রাবণ) শিরোনামে তার প্রথম মৌলিক গ্রন্থ প্রকাশিত হয়। এ ছাড়া করপোরেট মিডিয়ার সাংস্কৃতিক আগ্রাসন (শ্রাবণ, ২০০৯) এবং সংবাদ উৎপাদনের সমাজতত্ত্ব (শ্রাবণ, ২০১৪) শিরোনামে যৌথ চেষ্টায় তাঁর দুটি অনুবাদগ্রন্থ রয়েছে। তাঁর আগ্রহের জায়গা হলো জেনারেশন-মিডিয়া রিলেশনশিপ, মিডিয়া-স্পোর্টস আন্তসম্পর্ক, সামাজিক মিডিয়া এবং সংবাদ কনসেপ্ট নিয়ে।