সারকথা
সংবিধান প্রণয়নের ক্ষমতা সাধারণত আইনসভা কিংবা গণপরিষদের হাতে ন্যস্ত থাকে; আদালতের মূল দায়িত্ব বিচার করা। তবু সংবিধানের ব্যাখ্যা, মৌলিক কাঠামোর নীতি উদ্ভাবন এবং কোনো সাংবিধানিক ব্যবস্থার বৈধতা নির্ধারণের মাধ্যমে আদালত কার্যত সংবিধানের রূপ ও পরিণতি নির্ধারণে ভূমিকা রাখে। এই প্রবন্ধে বাংলাদেশের অভিজ্ঞতার আলোকে আদালতের সেই ভূমিকা ও তার সীমা পর্যালোচনা করা হয়েছে। পাকিস্তান, ভারত ও বাংলাদেশে ‘মৌলিক কাঠামো’ তত্ত্বের মাধ্যমে আদালত সংসদের সংশোধনক্ষমতার সীমা নির্দেশ করেছে; দক্ষিণ আফ্রিকায় সাংবিধানিক আদালত খসড়া সংবিধান অনুমোদনের পূর্বে তা যাচাই করেছে; আর বাংলাদেশের তৃতীয় সংশোধনী আদালতের রায়ের পরিপ্রেক্ষিতেই প্রণীত হয়েছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পূর্বে চতুর্থ থেকে ষোড়শ সংশোধনীর মামলায় আদালত কখনো সংশোধনী বাতিল করেছে, কখনো নির্দিষ্ট কার্যক্রম মার্জনা করেছে এবং সময়সীমা নির্ধারণ করে দিয়েছে; এতে সে অনেকটাই আইনসভা ও সরকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিশেষত ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পরবর্তী রাজনৈতিক সংকটের পটভূমি রচনা করেছে বলে সমালোচনা রয়েছে। অভ্যুত্থানের পর আদালত ভিন্ন অবস্থান গ্রহণ করেছে: ষোড়শ ও ত্রয়োদশ সংশোধনীর রিভিউয়ে পূর্বাবস্থা ফিরিয়ে এনেছে, অস্থায়ী সংবিধান জারির আবেদনকে রাজনৈতিক প্রশ্ন আখ্যা দিয়ে খারিজ করেছে এবং পঞ্চদশ সংশোধনীর চূড়ান্ত সিদ্ধান্ত গণভোট ও নির্বাচন পর্যন্ত স্থগিত রেখেছে। প্রবন্ধের সিদ্ধান্ত হলো, বিচারিক সংযম মানে দায়িত্ব এড়িয়ে যাওয়া নয়; বরং কোন প্রশ্ন আদালতের এখতিয়ারভুক্ত আর কোনটি রাজনৈতিক প্রক্রিয়ার, তা অনুধাবন করে ভারসাম্য রক্ষা করা। আদালত, নির্বাহী বিভাগ ও আইনসভা—তিন অঙ্গেরই আত্মসংযম ও দায়িত্বশীলতা অপরিহার্য।
ভূমিকা
আধুনিক রাষ্ট্রে মৌলিক আইন প্রণয়নের ক্ষমতা আইনসভার হাতেই থাকে। সংবিধানের ৬৫(১) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশেও তা–ই। তাতে বলা হয়েছে, ‘প্রজাতন্ত্রের আইনপ্রণয়ন-ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হইবে’। আর নামে সংবিধান বা রাষ্ট্রগঠনতন্ত্র বলে চিহ্নিত করা হলেও সেটিও একটি আইন। ফলে সংবিধান প্রণয়নও মূলত আইনসভার কাজ যেমন হয়ে থাকে, তেমনই। তবে সংবিধান কে প্রণয়ন করবে, কীভাবে করবে এবং কোন কর্তৃত্বে করবে—এ প্রশ্নগুলোর উত্তর কেবল আইনের বা আইনসভার নয়, একই সঙ্গে ইতিহাস ও রাজনীতিরও প্রশ্ন। সংবিধান প্রণয়ন রাষ্ট্রের রাজনৈতিক কর্তৃত্ব, জনগণের সার্বভৌমত্ব এবং সাংবিধানিক বৈধতার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। অন্যদিকে আদালত ধারণাটির মূলেই আছে বিচার করা। আর বিচার করার গ্রহণযোগ্য পদ্ধতি হলো পূর্ব থেকে বিরাজমান একগুচ্ছ নীতিমালার আলোকে সিদ্ধান্ত দেওয়া। কিন্তু আইন প্রণয়নের ক্ষমতা ও বিচারিক পর্যালোচনার সীমারেখা, সাংবিধানিক তত্ত্বের এক জটিল প্রতর্ক। এই প্রবন্ধে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সেই বিতর্কের ঐতিহাসিক ও তাত্ত্বিক তাৎপর্য এবং প্রণয়নে আদালতের ভূমিকা ও সীমাবদ্ধতা পর্যালোচনা করা হবে আদালতের প্রত্যক্ষ ও পরোক্ষ সাংবিধানিক কর্তৃত্ব, ‘বিচারিক বাক্কৌশল’ (judicial rhetoric) এবং সাংবিধানিক বৈধতা নির্মাণের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে। আদালত গণপরিষদের মতো সংবিধান প্রণয়ন করে না, এটি সর্ববাদীসম্মত। কিন্তু সংবিধানের ব্যাখ্যা, সাংবিধানিক নীতির উদ্ভাবন, কোনো শাসনব্যবস্থা বা সাংবিধানিক পরিবর্তনের বৈধতা নির্ধারণ এবং সাংবিধানিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা বা অস্বীকারের মধ্য দিয়ে সংবিধানের অর্থ, কার্যকারিতা—এমনকি রাষ্ট্রের ভবিষ্যৎ সাংবিধানিক বিন্যাসও প্রভাবিত করতে পারে। এই ভূমিকা বিশ্লেষণে মৌলিক কাঠামোতত্ত্ব (basic structure doctrine), সাংবিধানিক ধারাবাহিকতা ও বৈপ্লবিক বৈধতার (revolutionary legality) মতো ধারণার পাশাপাশি ‘গাঠনিক ক্ষমতা’ (constituent power) ও ‘গঠিত ক্ষমতা’–এর (constituted power) পার্থক্য এবং বিচারিক সক্রিয়তা ও সংযমের তত্ত্ব বিবেচনায় নেওয়া হবে। এর মাধ্যমে অনুসন্ধান করা হবে, আদালত কীভাবে সংবিধান প্রণয়ন না করেও কোনো সাংবিধানিক বন্দোবস্তকে বৈধতা দিয়ে, তার সীমা নির্ধারণ করে অথবা বিকল্প সাংবিধানিক সম্ভাবনাকে নাকচ করে কার্যত সংবিধান নির্মাণের প্রক্রিয়ায় অংশ নেন। একই সঙ্গে বিচারিক ক্ষমতার সীমা ঘোষণা কিংবা হস্তক্ষেপ থেকে বিরত থাকার যুক্তি কীভাবে উপস্থাপিত হয় এবং সেই বিচারিক বাক্কৌশল বাস্তবে সাংবিধানিক বিন্যাসকে কীভাবে প্রভাবিত করে, তা বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসের আলোকে বিশ্লেষণ করা হবে।
(ক) সংবিধান প্রণয়নকাঠামো
সংবিধান প্রণয়নের প্রচলিত কাঠামোকে সহজে বুঝতে হলে একে তিনটি পৃথক মাত্রায় ভাগ করাই অধিক যুক্তিসংগত—
এই মাত্রাগুলোই চূড়ান্ত, এমন নয় এবং এগুলোও পরস্পরকে নাকচ করে না। একটি সংবিধান একই সঙ্গে জনগণের গাঠনিক ক্ষমতার ভিত্তিতে, গণপরিষদের মাধ্যমে ও গণভোটের অনুমোদনে প্রণীত হতে পারে। আবার কোনো সংবিধান সামরিক কর্তৃপক্ষের উদ্যোগে প্রণীত হলেও পরে গণভোটে অনুমোদিত হতে পারে। সে ক্ষেত্রে অনুমোদনের অস্তিত্ব ও অনুমোদনপ্রক্রিয়ার গণতান্ত্রিক গুণমান পৃথকভাবে বিচার্য।
(খ) প্রণয়নে আদালতের ‘প্রবেশ’
সংবিধান প্রণয়নের প্রাগুক্ত সাধারণ পদ্ধতি, যা মূলগত অর্থেই রাজনৈতিক। ফলে বিচারিক প্রক্রিয়ার বাইরের জগৎ তাতে আদালতের অনুপ্রবেশ দীর্ঘ প্রক্রিয়ার ভেতর দিয়ে কাঠামোবদ্ধ হয়েছে। সাধারণভাবে বলা হয় যে আদালত আইনের যে ব্যাখ্যা দেন, সেটিই একটি নজির এবং পরে তা আইন হিসেবে ব্যবহার্য। আদালতের ফয়সালার সময় একই বিষয়ে উচ্চ আদালতের আগের সিদ্ধান্ত অনুসরণের বাধ্যবাধকতার এই নিয়ম, যাকে ‘নজির’ বলে অভিহিত করা হয়, তা যুক্তরাজ্যের আইনব্যবস্থা থেকে উদ্ভূত। একে ‘কমন ল–ব্যবস্থা’ বলে। এই পদ্ধতিতে উচ্চ আদালতের নজির ঘোষিত আইন, ফলে মানা বাধ্যতামূলক। আইন প্রণয়নের একচ্ছত্র অঞ্চলে আদালতের ভাগ বসানো এভাবে প্রাতিষ্ঠানিকতা পেতে থাকে। ব্রিটিশরা যেখানে যেখানে উপনিবেশ স্থাপন করেছে, সেখানেই তারা তাদের আইনব্যবস্থাকেও প্রচলনে উদ্যোগী হয়েছে। এভাবে আমাদের দেশের আইনব্যবস্থায় এই পদ্ধতি আত্তীকৃত হয়। যার ধারাবাহিক বহিঃপ্রকাশ ঘটে সংবিধানের ১১১ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের ‘ঘোষিত আইন’ বাধ্যকতার ঘোষণার মাধ্যমে। যদিও ১১১ অনুচ্ছেদের পাঠ্যাংশে ‘ঘোষিত আইন’–এর বাধ্যবাধকতা শুধু আদালতের ওপরই বর্তাবে বলা আছে, তবু ১১২ অনুচ্ছেদের বিধানের সঙ্গে মিলিত পাঠ থেকে এই ঘোষিত আইন শুধু আদালতই নয়; বরং রাষ্ট্রের নির্বাহী বিভাগের ওপরও বাধ্যতামূলক বলে গণ্য হয়ে আসছে। ১১১ ও ১১২ অনুচ্ছেদ নিম্নরূপ—
সুপ্রীম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকরতা
১১১। আপীল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য এবং সুপ্রীম কোর্টের যে কোন বিভাগ কর্তৃক ঘোষিত আইন অধস্তন সকল আদালতের জন্য অবশ্যপালনীয় হইবে।
সুপ্রীম কোর্টের সহায়তা
১১২। প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত সকল নির্বাহী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সুপ্রীম কোর্টের সহায়তা করিবেন।
অর্থাৎ আদালতেরও এই বিশেষ ধরনের ‘আইন প্রণয়ন’ করার এখতিয়ার আমাদের সংবিধানস্বীকৃত। যদিও বাস্তবে আদালতের এই আইন প্রণয়ন আইনসভায় কোনো একটি বিল পাসের মতো সর্বব্যাপী নয়।
অবশ্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রধান বিচারপতি চার্লস ইভান্স হিউজের ভাষ্য মানলে আইন আসলে তা-ই, যা বিচারকেরা বলেন। তিনি এক বক্তৃতায় বলেছিলেন, ‘আমরা একটি সংবিধানের অধীন বটে, কিন্তু সংবিধানই হচ্ছে সেটা, যা বিচারকগণ স্থির করে দেন’১। এ কথা অবশ্য তিনি প্রধান বিচারপতি থাকা অবস্থায় বলেননি। বিচারক হওয়ার আগে ১৯০৭ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর থাকার সময়ই তিনি এই অভিমত প্রকাশ করেন। মার্কিন সাংবিধানিক ইতিহাসে তখন ‘লখনার যুগ’২ চলছিল। এই বক্তব্য নানাভাবে আলোচিত-সমালোচিত হয়ে কালক্রমে সাংবিধানিক প্রবাদবাক্যে রূপলাভ করে। এটি ছিল কিছুটা ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক এবং বক্তব্যশৈলীতে ছিল অনেকখানি তীক্ষ্ণ। হিউজ সেই সময় বক্তব্য দিচ্ছিলেন, যখন তীব্র বিতর্ক চলছিল অর্থনৈতিক নিয়ন্ত্রণ, শ্রম আইন, উদারনৈতিক আইনগুলোকে আদালতের সাংবিধানিক ব্যাখ্যার মাধ্যমে বাতিল করা নিয়ে। তিনি এটিই তুলে ধরছিলেন যে সাংবিধানিক লড়াইগুলো প্রায়ই বিচারিক লড়াইয়েই পরিণত হয়।
বস্তুত নজির আইনের পর যে পদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে আইন প্রণয়নের একচ্ছত্র অঞ্চলের কিছু জমিজিরাত আদালত ‘অধিগ্রহণ’ করেন, তা এসেছে যুক্তরাষ্ট্র থেকে। মার্কিন সুপ্রিম কোর্ট সুবিখ্যাত ‘মারবারি বনাম মেডিসন’ মামলার রায়ের মধ্য দিয়ে উদ্ভাবন করে বিচারিক পর্যালোচনার নীতি। এই নীতির মাধ্যমে আইনসভার প্রণীত আইন বা ভারার্পিত আইন সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা বিচারিকভাবে পর্যালোচনার অধিকার সুপ্রিম কোর্টের আছে বলে সাব্যস্ত হয়। ফলে কোনো আইন যদি আদালতের পর্যালোচনায় অসাংবিধানিক হয়, তবে তা বাতিল করে দিতে সমর্থ হন সুপ্রিম কোর্ট। কালক্রমে এই নীতি বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পেয়ে এটি এখন একটি স্বতঃসিদ্ধ বিচারিক নীতি হয়ে উঠেছে। কিন্তু আদালত সংবিধান প্রণয়ন বা অপ্রণয়ন করতে পারেন কি না, সেটি এক বহুল বিতর্কিত ও অমীমাংসিত প্রশ্ন হয়ে আছে।
সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য, কাঠামো, রূপরেখা ইত্যাদি
সংবিধানকে ব্যাখ্যার মাধ্যমেও আদালত সংবিধানের কাঠামোকে বিস্তৃত করে দিতে পারে; যেমন জনস্বার্থ মামলার প্রচলন বা বিচার বিভাগের পৃথককরণ–সংক্রান্ত মামলা। একে আরেক ধরনের পরোক্ষ প্রণয়নের কাতারে ফেলা যেতে পারে। পরবর্তী সময়ে আরও কিছু বিচারিক পদ্ধতি উদ্ভাবিত হয়, যেগুলোর ভেতর দিয়ে আদালত সাধারণ আইনের উপরস্থ, সর্বোচ্চ আইন বলে স্বীকৃত সংবিধানের কোনো বিধান বা সংশোধনীর বৈধতা বা সাংবিধানিকতাও পরীক্ষা করে দেখার ক্ষমতা অধিগ্রহণে সমর্থ হন। আইনসভার সংবিধান সংশোধনের ক্ষমতা কি অসীম, নাকি সংবিধান নিজেই এমন কিছু মৌলিক নীতির অধীন, যেগুলো সংশোধনের মাধ্যমে বিলুপ্ত করা যায় না? আধুনিক সাংবিধানিক আইনের অন্যতম গুরুত্বপূর্ণ বিতর্ক এটি। এই বিতর্ক থেকে বিকশিত হয়েছে সংবিধানের ‘মৌলিক বৈশিষ্ট্য’ (basic feature), ‘মৌলিক কাঠামো’ (basic structure), ‘মৌলিক রূপরেখা’ (basic framework) বা ‘প্রধান বৈশিষ্ট্য’ (salient feature) ইত্যাদি তত্ত্ব। এসবের মূলকথা হলো, আইনসভার সংবিধান সংশোধনের বিস্তৃত ক্ষমতা থাকলেও সেই ক্ষমতা প্রয়োগ করে সংবিধানের পরিচয়, মৌলিক প্রাতিষ্ঠানিক বিন্যাস কিংবা রাষ্ট্রের সাংবিধানিক ভিত্তি ধ্বংস করা যায় কি না, তা বিচারিক পর্যালোচনার বিষয় হতে পারে। পাকিস্তান, ভারত ও বাংলাদেশের বিচারিক অভিজ্ঞতায় এই প্রশ্নের উত্তর অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন সময়ে আদালত সংশোধনক্ষমতার সীমা নির্ধারণের চেষ্টা করেছেন।
পূর্ব পাকিস্তান: মৌলিক বৈশিষ্ট্য তত্ত্বের সূত্রপাত
দক্ষিণ এশিয়ায় সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য অপরিবর্তনযোগ্য থাকার বিচারিক ধারণার প্রাথমিক প্রকাশ ঘটে পূর্ব পাকিস্তান হাইকোর্টের ‘মুহাম্মদ আব্দুল হক বনাম ফজলুল কাদের চৌধুরী’৩ মামলায়। পাকিস্তানের ১৯৬২ সালের সংবিধানের অধীনে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগের বৈধতা বিচার করতে গিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের কিংবদন্তি প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ রায়ে বলেন, সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যকে নিছক প্রশাসনিক অভিযোজনের নামে বিলুপ্ত করা যায় না। পাকিস্তানের সুপ্রিম কোর্টও এই সিদ্ধান্ত বহাল রাখেন।৪ প্রধান বিচারপতি এ আর কর্নেলিয়াসের পর্যবেক্ষণে, সরকারব্যবস্থার ধরন সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য। এটি পাল্টে দেওয়া মানে বিদ্যমান সংবিধান কার্যকর করা নয়; বরং একটি ভিন্ন সংবিধান প্রতিষ্ঠা করা। এভাবে সংবিধানের অধীন ক্ষমতাপ্রয়োগ এবং সংবিধানের মৌলিক পরিচয় পরিবর্তনের মধ্যে একটি নীতিগত সীমারেখা প্রতিষ্ঠিত হয়।
ভারত: মৌলিক কাঠামোতত্ত্বের সুসংবদ্ধ বিকাশ
ভারতের সুপ্রিম কোর্টে আব্দুল হক মামলার সিদ্ধান্ত প্রথমে সাজ্জান সিং মামলায় (AIR 1965 SC 845) সংখ্যালঘু মত হিসেবে উদ্ধৃত হলেও পরে কেশবানন্দ ভারতী [(1973) 4 SCC 225] মামলায় এই ধারণা সংখ্যাগরিষ্ঠের মত হিসেবে অধিক সুসংবদ্ধ সাংবিধানিক তত্ত্বে রূপ দেয়। এই মামলায় সাজ্জান সিং মামলার বর্ণিত ভিন্নমতকে মান্যতা দিলেও সেই মতের চেতনাগত ভিত্তি আব্দুল হক মামলা সম্পর্কে অবশ্য নীরবতা অবলম্বন করা হয়। ১৩ বিচারপতির বৃহত্তর বেঞ্চের ৭:৬ সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তে বলা হয়, ভারতের আইনসভা সংবিধানের ৩৬৮ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধন করতে পারলেও তার মৌলিক কাঠামো ধ্বংস করতে পারে না। গণতন্ত্র, জনগণতান্ত্রিক শাসনব্যবস্থা, ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচারিক পর্যালোচনার মতো বৈশিষ্ট্য এই কাঠামোর অন্তর্ভুক্ত বলে পরবর্তী বিচারিক সিদ্ধান্তগুলোতে স্বীকৃতি পেয়েছে। তবে মৌলিক কাঠামোর কোনো চূড়ান্ত ও সর্বসম্মত তালিকা আদালত নির্ধারণ করেননি।
বাংলাদেশ: মৌলিক কাঠামো ও জাতীয় সংসদের সংশোধনক্ষমতার সীমা
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ‘আনোয়ার হোসেন চৌধুরী’ [41 DLR (AD) 1989] মামলায়, যা অষ্টম সংশোধনী মামলা নামে পরিচিত, মৌলিক কাঠামোতত্ত্বের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নীতি গ্রহণ করে। সংবিধানের অনুচ্ছেদ ১০০ সংশোধন করে ঢাকার বাইরে স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার বিধান সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তে বাতিল করা হয়। আদালতের যুক্তি ছিল, জাতীয় সংসদের সংশোধনক্ষমতা সংবিধানপ্রদত্ত গঠিত ক্ষমতা, যা জনগণের গাঠনিক ক্ষমতার সমতুল্য নয়। সংবিধানের সপ্তম অনুচ্ছেদে ঘোষিত গণসার্বভৌমত্ব ও সংবিধানের প্রাধান্যের আলোকে জাতীয় সংসদ এমন সংশোধন করতে পারে না, যা সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করে। রাষ্ট্র ও সুপ্রিম কোর্টের একক কাঠামো এবং বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক ঐক্য এই মামলায় বিশেষ গুরুত্ব পায়।
পাকিস্তান: প্রধান বৈশিষ্ট্য তত্ত্ব
পাকিস্তানের সুপ্রিম কোর্ট ২০১৫ সালে জেলা বার সমিতি, রাওয়ালপিন্ডি মামলায়৫ সংবিধানের প্রধান বৈশিষ্ট্য নিয়ে পুনরায় গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করেন। সুপ্রিম কোর্টের ১৭ জন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ ১৩:৪ সংখ্যাগরিষ্ঠতায় রায় দেয় যে গণতন্ত্র, সংসদীয় সরকারব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতার মতো বৈশিষ্ট্য সংবিধানের জাত-পরিচয় নির্ধারণ করে, তাই আইনসভা এগুলো বিনষ্ট করতে পারে না। করলে আদালতের এখতিয়ার আছে তা পর্যালোচনান্তে বাতিল করার।
সারকথা হলো, এই তিন দেশের বিচারিক অভিজ্ঞতা দেখায়, সংবিধান সংশোধনের ক্ষমতা এবং সংবিধানকে নতুন সংবিধানে রূপান্তর করার ক্ষমতা এক নয়। তবে মৌলিক বৈশিষ্ট্য, মৌলিক কাঠামো ও প্রধান বৈশিষ্ট্য পরস্পর সম্পর্কিত হলেও এগুলোর বিচারিক প্রয়োগ, গ্রহণযোগ্যতা এবং সংশোধন বাতিল করার ক্ষমতা সম্পর্কে তিন দেশের অবস্থান অভিন্ন নয়।
(গ) সংবিধান সহপ্রণয়নকারী কর্তৃপক্ষ হিসেবে আদালত: দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার সংবিধান প্রণয়নের ক্ষেত্রে আদালতের একটি ভূমিকার কথা সর্বজনবিদিত। বর্ণবাদী শাসনের অবসানের পর দক্ষিণ আফ্রিকা একটি নতুন সাংবিধানিক বন্দোবস্তের পথে অগ্রসর হয়। এই লক্ষ্যে ১৯৯৩ সালের অন্তর্বর্তী সংবিধানের মাধ্যমে একটি দ্বিস্তরবিশিষ্ট প্রক্রিয়া নির্ধারণ করা হয়। প্রথমত, অন্তর্বর্তী সংবিধানে ৩৪টি সাংবিধানিক নীতি নির্ধারিত হয় এবং দ্বিতীয়ত, জনগণের নির্বাচিত গণপরিষদ চূড়ান্ত সংবিধান প্রণয়ন করবে, তবে তা অবশ্যই ওই ৩৪টি নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আর এই সামঞ্জস্য যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয় সাংবিধানিক আদালতকে। দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রের সংবিধান অনুমোদন–সংক্রান্ত মামলাটি [1996 (4) SA 744 (CC)] আদালতে উপস্থাপনের পর যে প্রশ্নগুলো উত্থাপিত হয় তা হলো, খসড়া সংবিধানটি কি ৩৪টি সাংবিধানিক মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ; সাংবিধানিক আদালতের কি নির্বাচিত গণপরিষদের খসড়া সংবিধান প্রত্যাখ্যান বা সংশোধনের নির্দেশ দেওয়ার ক্ষমতা আছে এবং আদালতের এই ভূমিকা কি জনগণের সার্বভৌম ক্ষমতার ওপর হস্তক্ষেপ। খসড়া পর্যালোচনা শেষে সাংবিধানিক আদালত ঘোষণা করেন যে অন্তর্বর্তী সংবিধানই যেহেতু সাংবিধানিক আদালতকে ‘সনদ মঞ্জুরির এখতিয়ার’ প্রদান করেছে, সেহেতু এই ক্ষমতা সম্পূর্ণ বৈধ এবং বাধ্যতামূলক। এ ক্ষেত্রে আদালত কোনোভাবেই রাজনৈতিক প্রশ্নের মীমাংসা করছেন না; বরং সংবিধান-প্রদত্ত কর্তব্য পালন করছেন।
আদালত পর্যবেক্ষণ করেন যে খসড়া সংবিধানের কিছু বিধান বিচার বিভাগের স্বাধীনতা, প্রাদেশিক ক্ষমতার কাঠামো, স্থানীয় সরকারব্যবস্থা ইত্যাদি বিষয়ে আগে নির্ধারিত ৩৪টি সাংবিধানিক মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই পরিপ্রেক্ষিতে, আদালত খসড়া সংবিধানটি এই অবস্থায় অনুমোদনযোগ্য নয় বলে রায় দেন। এরপর গণপরিষদ আদালতের নির্দেশনা অনুসারে সংশোধন করে খসড়া সংবিধান পুনরায় দাখিল করার পর সংশোধিত খসড়া সংবিধান অনুমোদিত [1997 (2) SA 97 (CC)] হয় এবং সেটিই আজকের দক্ষিণ আফ্রিকার সংবিধান (১৯৯৬–এর সংবিধান) হিসেবে কার্যকর রয়েছে। এই প্রক্রিয়ায় আদালত কার্যত একটি ‘সংবিধান সহপ্রণয়নকারী কর্তৃপক্ষ’ হিসেবে ভূমিকা পালন করেন। এটি সংবিধান প্রণয়নে বিচার বিভাগের আনুষ্ঠানিক অংশগ্রহণের এক অনন্যদৃষ্টান্ত।
বাংলাদেশের অভিজ্ঞতা
দক্ষিণ আফ্রিকার মতো একেবারে ‘সহসংবিধান প্রণয়নকারী কর্তৃপক্ষ’ হিসেবে কাজ না করতে পারলেও বাংলাদেশে গঠনতান্ত্রিক ইতিহাসে আদালতের অন্তত সাংবিধানিক সংস্কারক কর্তৃপক্ষ হিসেবে আবির্ভূত হওয়ার নানা দৃষ্টান্ত আছে।
রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধন
বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনীটি সরাসরি আদালতের রায়ের ভিত্তিতেই গৃহীত হয়। স্বাধীনতার পর বাংলাদেশ ও ভারত ১৯৭৪ সালের ইন্দো–বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তি৬ সম্পাদন করে। বেরুবাড়ি ইউনিয়ন হস্তান্তর এবং কিছু ছিটমহল বিনিময়ের জন্য এই চুক্তি করা হয়। এই চুক্তিতে এমন সব ভূখণ্ড হস্তান্তরের বিষয় অন্তর্ভুক্ত ছিল, যা তৎকালে বাংলাদেশের অংশ হিসেবে বিদ্যমান ছিল।
বাংলাদেশের একজন নাগরিক কাজী মুখলেসুর রহমান নির্বাহী ক্ষমতা বা কেবল আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে বাংলাদেশের কোনো অংশের ভূখণ্ড হস্তান্তর করার ক্ষমতা সরকারের নেই; এ ধরনের হস্তান্তর সংবিধানের ১, ২, ৭ ও ১৪৩ অনুচ্ছেদের পরিপন্থী; জনসম্মতি ছাড়া সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা খর্ব করা যেতে পারে না—এসব যুক্তিতে চুক্তিটি বাস্তবায়নের প্রস্তাবকে প্রশ্নবিদ্ধ করে একটি রিট মামলা করেন, যা পরে বেরুবাড়ি মামলা হিসেবে পরিচিত হয়।
রায়ে আদালত ঘোষণা৭ করেন যে রাজনৈতিক সরকার কোনো চুক্তি বা সমঝোতার মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ডের কোনো অংশ ত্যাগ বা হস্তান্তর করার কোনো ক্ষমতা রাখে না। সরকার আন্তর্জাতিক চুক্তি নিয়ে আলোচনা করতে ও তা স্বাক্ষর করতে পারলেও, সেই চুক্তির বাস্তবায়ন সংবিধানকে অতিক্রম করে করতে পারে না। আন্তর্জাতিক বাধ্যবাধকতা সংবিধানের অধীনস্থ, সংবিধানের ঊর্ধ্বে নয়। যেহেতু সংবিধানের ২ অনুচ্ছেদে বাংলাদেশের ভূখণ্ড নির্ধারিত রয়েছে, সেহেতু সেই ভূখণ্ডে যেকোনো পরিবর্তন আনতে হলে ১৪২ অনুচ্ছেদের অধীনে সাংবিধানিক সংশোধন অপরিহার্য। তাই যথাযথ সাংবিধানিক সংশোধন ছাড়া ইন্দো–বাংলাদেশ চুক্তি বাস্তবায়ন করা সম্ভব নয়। এই রায়ের সরাসরি ফলই ১৯৭৪ সালে সংবিধানের তৃতীয় সংশোধনী প্রণীত হয়। তৃতীয় সংশোধনীর মতো আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধনী আনা যায় যদি, তবে আদালতের একটি আস্ত অস্থায়ী সংবিধান প্রণয়নের আদেশ দিতে অসুবিধা কোথায়? ব্যাপারটি অত্যন্ত অনুমানমূলক ও গোলমেলে মনে হলেও এমন একটি ‘গল্প হলেও সত্যি’ ঘটনা আমাদের দেশেই ঘটেছে। একটু খুলে বলা যাক।
অভূতপূর্ব সাংবিধানিক অচলাবস্থা
২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে একটি অভূতপূর্ব সাংবিধানিক অচলাবস্থার উদ্ভব ঘটে। পতনের পর শেখ হাসিনার ভারতে পলায়ন, তাঁর সব মন্ত্রী, সব সংসদ সদস্য, সাংবিধানিক পদাধিকারীদের অজ্ঞাতবাসে চলে যাওয়ার মুখে বিদ্যমান সংবিধানের আওতায় তখন সরকার গঠনের কোনো উপায় না থাকায় অন্তর্বর্তী সরকার গঠিত হয় ৮ আগস্ট। এর আগে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আওতায় এ বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণের জন্য একটি বিশেষ রেফারেন্স (নং ১/২০২৪) পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে, অনিবার্যতার নীতির (doctrine of necessity) আশ্রয় নিয়ে আপিল বিভাগ অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ গ্রহণের পক্ষে মতামত দেন। তারপর যথারীতি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। এই প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ মহসীন রশিদ একটি রিট মামলা দায়ের করেন। এই মামলাতেই তিনি ২০২৪ সালের ৫ আগস্টের বিপ্লবের মূল্যবোধ ও চেতনাকে সমুন্নত রাখার স্বার্থে সরকারকে একটি ‘অস্থায়ী সংবিধান (Instrument of Provisional Constitution)’ জারি করার আদেশ দেওয়ার প্রার্থনা করেন আদালতের নিকট। বিষয়টি সাংবিধানিক এবং বৈপ্লবিক আইনশাস্ত্রের জগতে বেশ অভিনব হলেও, এমন একটি পদক্ষেপ নেওয়া যে সম্ভব, সেটির একটি দৃষ্টান্ত হয়ে থাকতে পারে এই ঘটনা। এ বিষয়ে আদালত বাস্তবে যে অবস্থান নিয়েছেন, তা নিচের ‘১০৬ অনুচ্ছেদ সংক্রান্ত মামলা’ অংশে বিবৃত করা হয়েছে। অন্যদিকে কাছাকাছি সময়ে অন্তর্বর্তী সরকারকে ‘বিপ্লবী সরকার’ ঘোষণা করার দাবিতে একটি রিট আবেদন দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তি, যে মামলাটি এখনো শুনানির জন্য অপেক্ষমাণ।
(ঘ) আদালত ও সাংবিধানিক বিনির্মাণ
বেরুবাড়ী থেকে জুলাই ২০২৪—এ দুই ঘটনার মধ্যবর্তী সময়ে আমাদের আদালতে সংবিধান সংশোধন–সংক্রান্ত বেশ কিছু মামলার নিষ্পত্তি হয়। এগুলো হলো সংবিধানের চতুর্থ, অষ্টম, দশম, চতুর্দশ, পঞ্চম, সপ্তম, ত্রয়োদশ, ষোড়শ এবং পঞ্চদশ সংশোধনী–সংক্রান্ত মামলা। এর বাইরে ‘মেসার্স দুলিচাঁদ ওমরাওলাল’ নামের আরেকটি মামলার কথা উল্লেখ করা যেতে পারে। এই মামলাতে অবশ্য বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের কিছু শাসনতান্ত্রিক ঘটনা ও সাংবিধানিক দস্তাবেজ, যেমন ১৯৬৯ সালে আইয়ুব খান ক্ষমতা ত্যাগের সময় তখনকার প্রচলিত সংবিধানের (১৯৬২) ব্যত্যয় ঘটিয়ে জাতীয় পরিষদের স্পিকারের বদলে সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর, পরবর্তী সময়ে ইয়াহিয়ার সংবিধানটিই রদ করে দেওয়া ইত্যাদির বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। শেষে সর্বোচ্চ আদালত অবশ্য এ বিষয়গুলোকে একেবারেই রাজনৈতিক প্রশ্ন বিবেচনা করে মামলাটি খারিজ করে দেন।
আদালতে সাংবিধানিক বিনির্মাণের এ অধ্যায়কে দুটি কালক্রমে ভাগ করা যেতে পারে। এর মধ্যে প্রথম ভাগে পড়বে চতুর্থ, অষ্টম, দশম, চতুর্দশ, পঞ্চম, সপ্তম ও পঞ্চদশ সংশোধনীর রাষ্ট্রধর্ম–সংক্রান্ত অংশ আর দ্বিতীয় ভাগে রাখা যায় ত্রয়োদশ, ষোড়শ, পঞ্চদশ (সম্পূর্ণ) এবং চতুর্থ সংশোধনী (১১৬ অনুচ্ছেদ সংক্রান্ত) সংক্রান্ত মামলাগুলো। আরও সুনির্দিষ্ট করলে ২০২৪–এর জুলাই গণ–অভ্যুত্থানের পূর্ববর্তী আর পরবর্তী পর্ব হিসেবে চিহ্নিত করা যায়। প্রথম পর্বের চতুর্থ, অষ্টম, দশম, চতুর্দশ, পঞ্চম, সপ্তম সংশোধনীর মামলাগুলোর সমাপ্তি জুলাই অভ্যুত্থানের বেশ আগেই চুকেবুকে যায়। অষ্টম ও পঞ্চদশ সংশোধনীর রাষ্ট্রধর্ম–সংক্রান্ত অংশ হাইকোর্ট বিভাগ পর্যন্ত; ত্রয়োদশ এবং ষোড়শ সংশোধনী মামলাগুলো আপিল বিভাগ পর্যন্ত শেষ হয়ে এক চূড়ান্ত পরিণতিতে উপনীত হয়েছিল বলে প্রতিভাত হয়। অন্ততপক্ষে তখনকার রাজনৈতিক বাতাবরণে এগুলোর ফয়সালা হয়েই গিয়েছিল বলে ধরা হতো। রাষ্ট্রধর্ম–সংক্রান্ত অষ্টম, ত্রয়োদশ ও ষোড়শ সংশোধনীর ক্ষেত্রে রিভিউ বিচারাধীন থাকলেও এগুলোও যে আগে-পরে বিদ্যমান রাজনৈতিক শক্তির অনুকূলেই নিষ্পত্তি হবে—এমনটাই প্রতীয়মান হতো। কিন্তু জুলাই গণ–অভ্যুত্থান রাজনৈতিক কাঠামো বদলে দেওয়ার পর দ্বিতীয় পর্বে অভ্যুত্থানজারিত নয়া জুরিসপ্রুডেন্সের আলোকে ত্রয়োদশ আর ষোড়শ সংশোধনীর মামলাগুলোতে চূড়ান্ত ফয়সালাসহ পঞ্চদশ এবং চতুর্থ সংশোধনী–সংক্রান্ত মামলাগুলোতে আদালতের সিদ্ধান্ত আসা শুরু হয়। যে প্রক্রিয়া এখনো অব্যাহত আছে।
(ঙ) জুলাই গণ–অভ্যুত্থান পূর্ববর্তী পর্ব
সংবিধানে কোন বিধান থাকবে আর কোন বিধান থাকবে না—এই ফয়সালা করার এখতিয়ারকে যেকোনো মাপকাঠিতেই আইন প্রণয়নের ক্ষমতা বলা যেতে পারে। কারণ, সাধারণত সংবিধানে কী থাকবে বা থাকবে না—এটা নির্ধারণ করার একচ্ছত্র অধিকার থাকে আইনসভার। এখন আদালত যদি সংবিধানের কোনো বিধান বা সংশোধনীকে বাতিল করে দিতে পারেন অর্থাৎ এই বিধান সংবিধানে থাকবে না—এমন সিদ্ধান্ত দিতে পারেন, তাহলে একে পরোক্ষভাবে হলেও আইন প্রণয়নের ক্ষমতা বলে চিহ্নিত করা যেতে পারে। সত্য যে এই ক্ষমতা সাধারণ ও অবারিত নয়। এর ধরন ও পরিপ্রেক্ষিত বিবেচনায় এটি বিশেষ ও ব্যতিক্রমী ক্ষমতা হলেও, তা এক প্রকারের আইন প্রণয়নের ক্ষমতাই।
চতুর্থ সংশোধনী
চতুর্থ সংশোধনীকে প্রশ্নবিদ্ধ করে মামলা করেন প্রখ্যাত আইনজীবী ও আইনপ্রণেতা হামিদুল হক চৌধুরী। এই মামলায় আদালত অভিমত৮ প্রকাশ করেন যে চতুর্থ সংশোধনী দিয়ে সংবিধানের মৌলিক ও অপরিহার্য বৈশিষ্ট্যসমূহ পরিবর্তিত ও বিনষ্ট হয়; সংসদীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসনব্যবস্থা প্রবর্তিত হয়। আর এসবের মাধ্যমে একটি নিয়ন্ত্রিত সংবিধানের অধীনে সীমিত ক্ষমতার অধিকারী জাতীয় সংসদ সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য ও মৌলিক কাঠামো পরিবর্তন করে ক্ষমতার সীমা অতিক্রম করেছিল। আদালত ভারতীয় সুপ্রিম কোর্টের গোলকনাথ এবং মিনার্ভা মিলস মামলায় প্রদত্ত মতামতের সঙ্গে একমত পোষণ করেন। তথাপিও এসব মামলায় ঘোষিত নীতিসমূহ বর্তমান মামলায় প্রযোজ্য নয় বলে সাব্যস্ত করেন এসব যুক্তিতে যে প্রথমত, ১৯৭৫ সালের আগস্টে সরকার পরিবর্তনের ফলে রাজনৈতিক ব্যবস্থার রূপান্তর ঘটে এবং সে কারণে এ দেশে সাংবিধানিক প্রক্রিয়া ভিন্ন ধারায় অগ্রসর হয়েছে। দ্বিতীয়ত, ১৯৭৫ সালের আগস্ট থেকে শুরু হওয়া প্রায় ছয় বছরের অধি-সাংবিধানিক প্রক্রিয়া জনগণ প্রতিরোধ না করায়, তৃতীয়ত, চতুর্থ সংশোধনীর একাধিক অংশ পঞ্চম সংশোধনী আকারে জাতীয় সংসদে অনুমোদিত হয়ে সংবিধানে অন্তর্ভুক্ত, সংরক্ষিত বা স্বীকৃত হওয়ায় এবং শেষত, একাধিক বিচারিক কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত হওয়া। এ মামলাতেই আমাদের উচ্চ আদালতে প্রথমবারের মতো ‘মৌলিক কাঠামো’ নীতির এবং এ–সংক্রান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের গোলকনাথ ও মিনার্ভা মিলস—এ দুই নজিরের উল্লেখসহ এই নীতির সঙ্গে একমতও পোষণ করতে দেখা যায়। যদিও এ–সংক্রান্ত মূল কেশবানন্দ ভারতী মামলার উল্লেখ এতে নেই।
অষ্টম সংশোধনী মামলা
অষ্টম সংশোধনীতে দুটি প্রধান বিষয় ছিল—সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের অন্তর্ভুক্তি এবং হাইকোর্টের বিকেন্দ্রীকরণ। দুটিরই সাংবিধানিক বৈধতাকে উচ্চ আদালতে প্রশ্নবিদ্ধ করা হয় রিট মামলার মাধ্যমে। ১৯৮৮ সালে দায়ের হওয়া রাষ্ট্রধর্ম–সংক্রান্ত মামলাটি ২৮ বছর পর হাইকোর্ট বিভাগ খারিজ করে দেওয়ার পর এখনো আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় থাকলেও হাইকোর্টের বিকেন্দ্রীকরণ–সংক্রান্ত মামলাটি শীঘ্রই নিষ্পত্তি হয়ে যায়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটিই অষ্টম সংশোধনী মামলা নামে বিখ্যাত হয়ে ওঠে।
এ মামলায় প্রথমবার আপিল বিভাগ এ দেশে আইনসভায় গৃহীত একটি সংশোধনী অসাংবিধানিক বলে বাতিল করে দেন। সেটি হলো অষ্টম সংশোধনীর অংশবিশেষ, যেখানে মূলত উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ করা হয়। আইনসভায় দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনে পাস হওয়া সংবিধান সংশোধনীটি অসাংবিধানিক ঘোষণার জন্য আদালত এক বিশেষ বিচারিক নীতি গ্রহণ করে যাকে ‘মৌলিক কাঠামো’ বা ‘মৌলিক রূপরেখা’ (basic framework) নীতি বলা হয়। এই বিচারিক পর্যালোচনার নীতি অনুসারে আইনসভার সংবিধান সংশোধনের অবাধ ক্ষমতা থাকলেও এর বলে সংবিধানের মৌলিক কাঠামো বদলে দেওয়ার ক্ষমতা নেই। কারণ, যদি সংবিধানের ‘মৌলিক কাঠামো’ই ভেঙে ফেলা হয়, তবে সেই রাষ্ট্রকাঠামোই থাকে না। এই নীতির ভিত্তিতে সর্বোচ্চ আদালত সংখ্যাগরিষ্ঠ৯ মতে অষ্টম সংশোধনীর উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ–সংক্রান্ত অংশটি সংবিধানের প্রধানত দুটি মৌলিক কাঠামো, যথা বিচার বিভাগ ও এককেন্দ্রিক রাষ্ট্রের ধারণাকে ক্ষুণ্ন করেছে বিধায় তা অসাংবিধানিক ঘোষণা করেছে। এ ক্ষেত্রে তারা প্রাগুক্ত ভারতীয় সুপ্রিম কোর্টের, প্রধানত কেশবানন্দ ভারতী ও শ্রীমতী ইন্দিরা গান্ধী, মিনার্ভা মিলস, ওয়ামান রাও মামলাগুলোর ওপরই নির্ভর করেছেন। সংবিধানে মৌলিক বৈশিষ্ট্য পরিবর্তনীয় নয়—এই মূলনীতি প্রাগুক্ত ফজলুল কাদের চৌধুরী মামলায় উদ্ভাবিত হলেও সেই মামলায় কোনো সংবিধান সংশোধনকে প্রশ্নবিদ্ধ করা হয়নি বিধায় ভারতীয় মামলাগুলোকেই এ ক্ষেত্রে যথোপযুক্ত বলে বিবেচনা করেছেন তাঁরা। আদালতের সিদ্ধান্ত এ ক্ষেত্রে ছিল সরাসরি এবং কিছু সুনির্দিষ্ট সাংবিধানিক সংশোধনকে পুরোপুরি বাতিল করে দেওয়া। ফলে এই মামলায় যদি/কিন্তু/তবে ইত্যাকার আইন প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত হাতিয়ার বা দক্ষতার প্রয়োগ করতে হয়নি। তাৎপর্যপূর্ণভাবে, এই রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কোনো রিভিউ আবেদন করা হয়নি।
দশম সংশোধনী
দশম সংশোধনী একচ্ছত্রভাবে নারীদের জন্য সংরক্ষিত আসনসমূহে পরোক্ষ নির্বাচনের বিধান করে সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ ৭(১) এবং অনুচ্ছেদ ৮ ও ১১-এ প্রতিফলিত গণতন্ত্রের নীতিকে ধ্বংস করেছে মর্মে দাবি করে ড. আহমেদ হোসেন নামের একজন আইনজীবী মামলা দায়ের করেন। রায়ে আপিল বিভাগ পরোক্ষ নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রবিরোধী নয়; বরং এ ধরনের ব্যবস্থার বিধান সংবিধানেই রয়েছে, সংশোধনীটি সংবিধানের অনুচ্ছেদ ২৮-এর দফা (৪)-এ বলা হয়েছে যে ওই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে, যার অন্তর্ভুক্ত জাতীয় সংসদ, নারীদের পক্ষে বিশেষ বিধান প্রণয়ন করতে বাধা দেবে না—এরও পরিপন্থী নয় বিবেচনায় মামলা খারিজ করে দেন।
চতুর্দশ সংশোধনী
চতুর্দশ সংশোধনী দ্বারা নারীদের জন্য ৪৫টি আসন সংরক্ষিত রাখার বিধান জাতীয় জীবনের সর্বস্তরে নারীর অংশগ্রহণ, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত গণতান্ত্রিক শাসন, নির্বাচনে নারীদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগের পরিপন্থী ইত্যাদি দাবিতে নারী নেত্রী ফরিদা আখতার (অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা) মামলা দায়ের করেন। রায়ে আদালত অবশ্য এই সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামো ও অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্যের পরিপন্থী নয় বলে সাব্যস্ত করেন।
পঞ্চম সংশোধনী মামলা
পঞ্চম সংশোধনী নিয়ে একটি দীর্ঘ আইনি লড়াই আমাদের প্রত্যক্ষ করতে হয়েছে। যার ফলাফল আমাদের রাষ্ট্রীয় কাঠামোকেই এক অর্থে পুনর্গঠন করে দিয়েছিল। এমন একটি, নেতিবাচক অর্থে কালান্তক, মামলার তত্ত্বতালাশ করা তাই আবশ্যক। তাই এই মামলার হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ ও রিভিউ আবেদনের রায়কে আতশি কাচের নিচে ফেলে খুঁটিয়ে দেখা যেতে পারে।
হাইকোর্ট বিভাগের রায়
পঞ্চম ও সপ্তম সংশোধনীর ক্ষেত্রে আদালত অষ্টম সংশোধনীর মতো প্রায় একই হেতুতে সেগুলো বাতিল করে দিলেও ফলাফল ঠিক অষ্টম সংশোধনীর মতো সরাসরি ও পুরোপুরি বাতিল করা হয়নি বা বলা ভালো, যায়নি। এ ক্ষেত্রে আদালতকে কী বাতিল হবে আর কী থাকবে—এমন আইন প্রণয়নগত সিদ্ধান্তও নিতে হয়েছে। শুধু তা–ই নয়, যা বাতিল হবে তা কতটুকু, কী প্রকারে বাতিল হবে, কী কী জিনিস মার্জনা করা হবে বা কত দিনের জন্য মার্জনা করা হবে; আবার যা থাকছে, তা কতটুকু থাকবে, কী প্রকারে থাকবে—এসব গুরুতর ও একান্তই আইনসভার এখতিয়ার ও নানাবিধ রাজনৈতিক প্রশ্নের মীমাংসা করতেও দেখা গেছে এসব মামলায়।
পঞ্চম সংশোধনী মামলায় হাইকোর্টের দেওয়া রায় পর্যালোচনা করলে দেখা যায়, রায় লেখক বিচারপতি এ বি এম খায়রুল হক রায়ের আদেশাত্মক অংশে একদিকে বলছেন, ‘সংবিধান (৫ম সংশোধনী) আইন, ১৯৭৯’১০ সংবিধান বহির্ভূত (Ultra Vires); সংবিধান লঙ্ঘন একটি গুরুতর আইনগত অপরাধ এবং তা সর্বকালের জন্যই গুরুতর অপরাধ হিসেবে থেকে যায়; একে কখনো বৈধতা দেওয়া যায় না এবং তা চিরকাল অবৈধই থাকবে ইত্যাদি। এর ঠিক পরপরই তিনি এই অবস্থান থেকে পিছু হটে গিয়ে আইনসভার ভাষা ধার করে বলা শুরু করেছেন, তবে কেবল রাষ্ট্রের অপরিহার্য প্রয়োজনে, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে Id quod alias non est licitum, necessitas licitum facit, salus populi est suprema lex এবং salus reipublicae est suprema lex—এই নীতিসমূহ১১ প্রয়োগ করে এমন আইনগত অন্যায়কে মার্জনা করা যেতে পারে।
এরপর আরও এক ধাপ এগিয়ে গিয়ে, ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ৯ এপ্রিল ১৯৭৯ পর্যন্ত সময়কালে সম্পাদিত সব কাজ, বিষয়াদি এবং গৃহীত কার্যক্রম ও কার্যধারাকে অতীত ও সমাপ্ত লেনদেন হিসেবে মার্জনা করে দেন। এহেন মার্জনার সঙ্গে সঙ্গে আবার ব্যাখ্যাও দেন যে এই মার্জনা এ কারণে নয় যে সেগুলো আইনসম্মত ছিল; বরং সমাজে (যদিও দূরবর্তী হলেও) সম্ভাব্য বিশৃঙ্খলা ও বিভ্রান্তি এড়ানোর লক্ষ্যে প্রজাতন্ত্রের স্বার্থে এই ক্ষমা প্রদান করা হয়েছে। দেখা যাচ্ছে, তিনি এই পর্যায়ে এসে আর শুধু বিচারক-আইনপ্রণেতা হয়েই থাকতে চাইছেন না, তাঁর রায়ের ফলে সমাজে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কার কথা, এমনকি প্রজাতন্ত্রের ভালো-মন্দ, স্বার্থের মতো একেবারেই রাজনৈতিক সরকারের ভাবনাও ভাবতে বসে যান। একই সঙ্গে বিচারিক, সংসদীয় ও সরকার—এই ‘পরম সাংবিধানিক ত্রিত্ব’-র অবতার হয়ে ওঠা অত্যন্ত চমকপ্রদ। কিন্তু এর অব্যবহিত পরেই আবার তাঁর বিচারিক সত্তা জেগে উঠে বলে বসে—তা সত্ত্বেও, এসব কাজ চিরকালের জন্য অবৈধ ও বাতিলই রয়ে যাবে। এ ক্ষেত্রে ‘পরম সাংবিধানিক ত্রিত্ব’-কেও অতিক্রম করে কূটনৈতিক অবতার জেগে উঠে পরম রাজনৈতিক সত্তায় রূপান্তরিত হয় কি না, সেটি বিচার্য হতে পারে। যেকোনো কারণেই হোক, একবার মার্জনার আওতায় ফেলে দিলে সেই বিষয় আইনগত বৈধতার অঞ্চলে ঢুকে যায়। এই স্ববিরোধ একবার অবৈধ বলা বিষয়কে পরোক্ষভাবে বৈধতা দেওয়ার পর দ্বিধাবিভক্ত হৃদয় বিশুদ্ধ রাজনীতিবিদের মতোই সব কূল রক্ষা করার তাগিদ বোধ করে ওঠার প্রতিক্রিয়াসঞ্জাত কি না, তা তর্কসাপেক্ষ হতে পারে।
এরপর বিভিন্ন বিধান সম্পর্কিত মার্জনা প্রদানের প্রশ্নে তিনি আবারও চেরি তোলার (cherry picking) মতো পছন্দ-অপছন্দ বাছাইয়ে ফেরত গেছেন—মূল সংবিধানে সংরক্ষিত কোনো বিধান বিলোপের ক্ষেত্রে কোনো মার্জনা প্রদান করা হয়নি বলে। এভাবে তিনি সংবিধানের একটি নিজস্ব প্রোটোটাইপ হাজির করেছেন। অর্থাৎ সংবিধান মানে ১৯৭২–এর আদি সংবিধান। পঞ্চম সংশোধনী দিয়ে চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যেসব বিষয় প্রবিষ্ট করা হয়েছে, যেমন একমাত্র রাজনৈতিক দল হিসেবে বাকশালের প্রবর্তনকে বাতিল করাকে অনুমোদন করেছেন। কিন্তু মূল সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ ৬, ৮, ৯, ১০, ১২, ২৫, ৩৮ এবং ১৪২ অনুচ্ছেদে আনীত সংশোধনী অনুমোদন করেননি। অথচ পঞ্চম সংশোধনী দিয়ে সংশোধিত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসংক্রান্ত ৯৫ অনুচ্ছেদকে আবার বৈধ ঘোষণা করা হয়, যদিও এর মাধ্যমে আবার পুরোপুরি মূল সংবিধানে ফেরত যাওয়া হয়নি।
আপিল বিভাগের রায়
মামলাটি আপিল বিভাগে রায় দেওয়ার সময় তাঁদেরও পরম সাংবিধানিক ত্রিত্বের অবতার হয়ে উঠতে দেখা যায় এবং আরও উঁচু মাত্রায়। তাঁরা—হাইকোর্ট বিভাগের রায়ে সংবিধানের ১৫০ অনুচ্ছেদ ও চতুর্থ তফসিল সম্পর্কিত সব পর্যবেক্ষণসহ সিদ্ধান্ত এবং ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত বৈধতাও বাতিল করে দেন। তদুপরি মার্জনার আওতা বৃদ্ধি করে তাতে ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ৯ এপ্রিল ১৯৭৯ পর্যন্ত সময়ে সম্পাদিত ও সমাপ্ত সব নির্বাহী কার্য ও সিদ্ধান্ত; যেসব কার্যক্রম নাগরিকদের অধিকার ক্ষুণ্ন করেনি; উক্ত সময়কালে গৃহীত সব কার্য, যেগুলো জনকল্যাণকে প্রসারিত বা উন্নত করে; সেই সময় সম্পাদিত সব দৈনন্দিন কাজ, যেগুলো একটি বৈধ সরকারও করতে পারত—সেগুলোকেও অন্তর্ভুক্ত করেন।
এর সাথে সাথে পঞ্চম সংশোধনী দিয়ে বাকশাল১২ ও সব নাগরিককে বাঙালি১৩ ঘোষণাকে রদ করা; ৪৪ অনুচ্ছেদের ইংরেজি ও বাংলা পাঠ সংশোধন ও প্রতিস্থাপন সম্পর্কিত অংশ১৪; বিচারকদের অপসারণ–সংক্রান্ত ৯৬ অনুচ্ছেদে আনীত ‘সুপ্রীম জুডিসিয়াল কাউন্সিল’১৫ ও ১০২ অনুচ্ছেদের রিট এখতিয়ার সম্পর্কিত সংশোধনীগুলোকে বৈধতা দেন। তদুপরি মূল সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অথবা মূল সংবিধানের অধীন যেগুলো প্রণয়ন করা যেত—এমন সব কার্য ও আইনগত ব্যবস্থাকে মার্জনা করেন।
আর শেষাংশে তাঁরা এমন মিনতি রেখে যান, যেন সংবিধান স্থগিতকারীদের নিন্দা ও শাস্তি আরোপ করা হয়। এর অবশ্যম্ভাবী ফল হিসেবেই সম্ভবত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান একটি দণ্ডবিধিতেও রূপ লাভ করে ৭ক অনুচ্ছেদের মাধ্যমে সংবিধান রদ, স্থগিত তো বটেই, এমনকি এর ‘কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ’ করলেও তাকে মৃত্যুদণ্ডযোগ্য রাষ্ট্রদ্রোহের অপরাধ হিসেবে সংযোজনের মাধ্যমে। যাকে অনেকে জর্জ অরওয়েলের বিখ্যাত অপকল্পভিত্তিক (Dystopian) উপন্যাস ‘১৯৮৪–তে বর্ণিত চিন্তাপরাধের (Thought crime) উদাহরণ হিসেবে অভিহিত করেছেন।
রিভিউ আবেদন
আপিল নিষ্পত্তির পর সরকার এর বিরুদ্ধে একটি রিভিউ আবেদন করলে তার ভিত্তিতে আদালত আরেকবার অবতীর্ণ হন পরম সাংবিধানিক ত্রিত্বের আদলে। আরও একটি সংক্ষিপ্ত আদেশে১৬—উপর্যুক্ত সময়কালে দেশের স্বাভাবিক ও সুশৃঙ্খল পরিচালনার জন্য প্রয়োজনীয় হিসেবে সম্পাদিত সব নির্বাহী কার্য, ব্যবস্থা ও সিদ্ধান্ত, যেগুলো সংশ্লিষ্ট সময়ে অন্য কোনোভাবে অবৈধ ছিল না; সব অতীত ও সমাপ্ত লেনদেন, যেগুলো আবার খোলার মাধ্যমে কোনো কাজের কাজ হবে না; যেগুলো অন্য কোনোভাবে অবৈধ নয়; উক্ত সময়কালে সম্পাদিত সব আন্তর্জাতিক চুক্তি এবং সরকারের সব দৈনন্দিন কার্যক্রম চূড়ান্তভাবে মার্জনা করা থেকে সরে এসে সাময়িকভাবে মার্জনা করেন। যদিও এই সাময়িক কাল কত সময়ের তা ব্যক্ত করা হয়নি।
অন্যদিকে বাকশাল রদ, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন এবং জেলা বিচার বিভাগের নিয়ন্ত্রণ–সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে উক্ত ক্ষমতা প্রয়োগ করবেন—এই শব্দগুলো সংযোজন করাকে ৩১ ডিসেম্বর ২০১২ পর্যন্ত সাময়িকভাবে বৈধতা প্রদান করা হয়, যাতে রাষ্ট্রীয় কাঠামোর ওপর কোনো ভয়াবহ পরিণতি নেমে না আসে এবং সংসদকে সংবিধানে প্রয়োজনীয় সংশোধন আনয়ন ও উপর্যুক্ত সময়কালে জারি করা আইনসমূহ প্রণয়নের সুযোগ প্রদান করা যায়।
এই ধারাবাহিক প্রক্রিয়া পর্যবেক্ষণ করলে দেখা যাবে, আদালত আমাদের সংবিধানের ওপর কখনো শল্যচিকিৎসকের মতো কাটাছেঁড়া করছেন, নির্বাচকের মতো বাছাই করছেন, কখনো রংমিস্ত্রির মতো রঙের প্রলেপ দিচ্ছেন, কখনো দরজির মতো জোড়াতালি কিংবা সময়রক্ষকের মতো দিনক্ষণ স্থির করছেন বা ভবিষ্যৎ–বক্তার মতো অনাগত দিনে হতে পারা সম্ভাব্যতা অনুমান করে আদেশ দিচ্ছেন, নতুবা বিদ্যায়তনিক তত্ত্বালোচনায় মশগুল হচ্ছেন, অথবা কখনো আইনসভাকে সুযোগ দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছেন, রাষ্ট্রপতির মতো করে মার্জনা করছেন—কখনো বেছে বেছে, কখনো পাইকারি হারে ইত্যাদি। যেগুলোর কোনোটিই আসলে আদালতের কাজ বা এখতিয়ারাধীন নয়। স্পষ্টতই এগুলো বিকল্প পথে সংবিধান প্রণয়ন ও অপ্রণয়ন—উভয়ের শামিল।
অষ্টম সংশোধনী (রাষ্ট্রধর্ম–সংক্রান্ত অংশ) মামলা
অষ্টম সংশোধনীর অপর অংশ ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা-কে প্রশ্নবিদ্ধ করে এরশাদের আমলে ‘স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি’র পক্ষে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি—বেগম সুফিয়া কামাল, সাবেক প্রধান বিচারপতি কামাল উদ্দিন হোসেন, খান সরওয়ার মুর্শিদ, অধ্যাপক কবীর চৌধুরী, অধ্যাপক ড. মোশাররফ হোসেন, মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (বীর উত্তম), অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বদরুদ্দীন উমর, সাংবাদিক ফয়েজ আহমেদ, ড. বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, অধ্যাপক আনিসুজ্জামান, বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য, বিচারপতি কে এম সোবহান, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ ও কলিম শরাফী এই মামলা দায়ের করেন। দীর্ঘ ২৩ বছর মামলাটি শুনানির অপেক্ষায় থাকার পর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম রেখেই সংবিধানের ২ক অনুচ্ছেদে কিছুটা সংশোধনী আনা হলে তাকেও এই মামলার অন্তর্ভুক্ত করা হয়। ২৮ মার্চ ২০১৬ তারিখে বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গড়া বেঞ্চ রিটটি খারিজ করে দেন। রায় ঘোষণার ৮ বছর এবং মামলা দায়েরের ৩৬ বছর পর গত ২১ এপ্রিল ২০২৪ তারিখে পূর্ণাঙ্গ লিখিত রায় প্রকাশিত হয়। রায়ে ইসলামকে রাষ্ট্রধর্মের স্বীকৃতি দেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, তা ধর্মনিরপেক্ষতার ধারণাকেও প্রভাবিত করে না এবং সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী নয় বলে সাব্যস্ত করা হয়।
সপ্তম সংশোধনী মামলা
সপ্তম সংশোধনী মামলার রায়ের আদেশাত্মক১৭ অংশে সপ্তম সংশোধনী১৮ বাতিল ও অকার্যকর এবং সংবিধানের চতুর্থ তফসিলের অনুচ্ছেদ ১৯ বাতিল ও আইনের দৃষ্টিতে ‘অস্তিত্বহীন’ (non est) ঘোষণা করা হয়। এভাবে ২৪ মার্চ ১৯৮২ থেকে ১১ নভেম্বর ১৯৮৬ সময়কালে জারি করা সব সামরিক আইন ঘোষণা শুরু থেকেই অবৈধ ও বাতিল (void ab initio) ঘোষণা করা হলেও আন্তর্জাতিক চুক্তি, অন্যান্য চুক্তি ও লেনদেনগুলো বহাল রাখেন। তদুপরি উক্ত সময়কালে জারি করা সব আদেশ, সম্পাদিত সব কার্য ও কাজ, গৃহীত সব ব্যবস্থা ও কার্যধারা এবং সম্পন্ন সব বিচারকার্য, যেগুলো অতীত ও সমাপ্ত প্রাচীন আইনি প্রবাদ ‘জনকল্যাণই সর্বোচ্চ আইন’ (salus populi est suprema lex) অনুসারে সাময়িকভাবে মার্জনা করেন। সঙ্গে সঙ্গে এই হুঁশিয়ারিও দেন যে ভবিষ্যতে এ ধরনের মার্জনা বা অনুমোদনের সুযোগ না–ও থাকতে পারে। সামরিক আইন ফরমান, আদেশ, প্রধান সামরিক আইন প্রশাসকের আদেশ, সামরিক আইন বিধিমালা, সামরিক আইন আদেশ, সামরিক আইন নির্দেশনা, অধ্যাদেশ ইত্যাদির ক্ষেত্রে আর কোনো মার্জনা বা অনুমোদন প্রদান করা হবে না ইত্যাদি। এই মামলাটিকে দায়ের, নিষ্পত্তি ও সিদ্ধান্ত গ্রহণ তথা সর্বনিরিখেই পঞ্চম সংশোধনী মামলার সন্তানতুল্য বিবেচনা করা যেতে পারে। কারণ, এ ক্ষেত্রে হুবহু একই ধারার অনুকরণ করা হয়েছিল। তাই বিস্তারিত আলোচনা দ্বিরুক্তির উদ্রেক ঘটাবে বিবেচনায় তা পরিহার করাই বিধেয়। এই রায়ের বিরুদ্ধেও কোনো রিভিউ আবেদন করা হয়নি।
ত্রয়োদশ সংশোধনী মামলা
এই মামলা দায়ের করা হয়েছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বাতিলের দাবিতে। হাইকোর্ট বিভাগ মামলা খারিজ করার পর তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ এক বহুল বিতর্কিত ও সমালোচিত সংক্ষিপ্ত আদেশের মাধ্যমে ৪-৩ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানের পরিপন্থী হওয়ায় ভাবী সাপেক্ষে বাতিল করে দেয় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এবং ১ (এক) জন বাদে সব এমিকাস কিউরির অভিমতের বিপক্ষে গিয়ে। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই পরবর্তী দুটি জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, প্রাচীন ও সুপ্রতিষ্ঠিত আইনি প্রবাদ, যেগুলোর সারকথা হলো রাষ্ট্রীয় অনিবার্যতায় গৃহীত পদক্ষেপ বৈধ এবং জনগণের/রাষ্ট্রের নিরাপত্তাই সর্বোচ্চ আইন, এমন অভিমতও প্রকাশ করা হয়। তারা আরও অভিমত প্রকাশ করেন যে এ সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আইনসভা প্রয়োজনীয় সংশোধনী আনতে পারবে। কিন্তু সে ক্ষেত্রে আবার আইনসভার ওপর এই মর্মে বাধ্যবাধকতা আরোপ করে দেন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি বা আপিল বিভাগের বিচারপতিদের নিয়োগসংক্রান্ত বিধানসমূহ এর বাইরে থাকবে।
প্রাগুক্ত বিচারপতি এ বি এম খায়রুল হক লিখিত সংখ্যাগরিষ্ঠ মতের সংক্ষিপ্ত আদেশেও পঞ্চম ও সপ্তম সংশোধনী মামলার রায়ের মতো আদালতকে এক পরম সাংবিধানিক ত্রিত্বের অবতার হিসেবে পুনরাবির্ভূত হতে দেখা গেছে। এই মামলায় তাদের এমনকি, আদালত জাতীয় সংসদকে আইন প্রণয়নে কোনো নির্দেশনা দিতে পারে না, এই লক্ষণরেখা অতিক্রম করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতিগণকে রেখে আইন করা যাবে না, মর্মে আইনসভার ওপর নিষেধাজ্ঞাও জারি করেন। লক্ষণীয়, পঞ্চম সংশোধনী মামলার হাইকোর্টের রায়ের ও সপ্তম সংশোধনী মামলার আপিল বিভাগের রায় দুটিও একই ব্যক্তি রচনা করেন।
এই সংক্ষিপ্ত আদেশের পর পূর্ণাঙ্গ রায় লেখার আগেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিয়ে পঞ্চদশ সংশোধনী পাস হয়ে যায় তৎকালীন সরকারের উদ্যোগে। ১৬ মাস পরে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে অস্বাভাবিকভাবে সংক্ষিপ্ত আদেশকে বদলে ফেলা হয়। পূর্ণাঙ্গ রায়ের আদেশাত্মক অংশগুলো পাঠ করলে যথারীতি দেখা যায় যে এখানেও আদালত আইনসভা ও রাজনৈতিক সরকারের মতো করে সিদ্ধান্ত দিয়েছেন। তদুপরি অ্যাটর্নি জেনারেল ও প্রায় সব এমিকাস কিউরির তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ফলে দেশে নৈরাজ্য ও সংঘাত দেখা দেওয়ার আশঙ্কা আমলে নেওয়ার মতো রাজনৈতিক বিবেচনাবোধের প্রেক্ষিতে আদেশে রদবদল; অযাচিতভাবে ২০০৭ সালের ফখরুদ্দীন সরকারের আমলের প্রায় দুই বছর কাল সময়ে কৃত কার্যাবলি মার্জনা করতেও দেখা গেছে।
পঞ্চদশ সংশোধনী (রাষ্ট্রধর্ম সংক্রান্ত অংশ) মামলা
বিষয় একই রাষ্ট্রধর্ম সংক্রান্ত হলেও এটি ওপরে বর্ণিত রাষ্ট্রধর্ম মামলাটি থেকে ভিন্ন। পূর্বেরটি অষ্টম সংশোধনী থেকে উদ্ভূত আর এটি পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে পুনঃস্থাপন করা হলে এর বিরুদ্ধে সমরেন্দ্র নাথ গোস্বামী নামের একজন আইনজীবীর ২০১৫ সালের ১ আগস্ট দায়েরকৃত মামলা। ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর বিচারপতি মো. এমদাদুল হক আজাদ ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে পুনঃস্থাপনে মৌলিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি সাব্যস্ত করে মামলাটি খারিজ করে দেয়। এর বিরুদ্ধে রিটকারী আপিল দায়ের করলে তা বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন।
ষোড়শ সংশোধনী মামলা
পঞ্চম সংশোধনীর মাধ্যমে উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে দেওয়া হয়। এই সংশোধনী বাতিলের পর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তা আবার ফিরিয়ে আনা হয়। ষোড়শ সংশোধনীর মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান বাতিল করে এই ক্ষমতা আইনসভার হাতে দেওয়া হয়। এই প্রেক্ষাপটে ষোড়শ সংশোধনীর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে মামলাটি করা হয়। হাইকোর্ট তা অসাংবিধানিক ঘোষণার পর আপিল বিভাগে আসলে সেখানেও সর্বসম্মতভাবে সেই রায় বহাল থাকে। কিন্তু একে কেন্দ্র করে সরকারের সঙ্গে সুপ্রিম কোর্টের বস্তুত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দ্বন্দ্ব চরমে ওঠে এবং তা শেষ হয় একজন কর্মরত প্রধান বিচারপতিকে জোরপূর্বক ছুটিতে পাঠিয়ে দেশত্যাগে বাধ্য করার মতো অভূতপূর্ব ঘটনার ভেতর দিয়ে। এই মামলাতেও আদালত মূলত মৌলিক কাঠামো পরিপন্থী বলে সংশোধনীটি বাতিল করে দেয় এবং রায়ের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত হয়ে গেছে, এমন অবস্থান নেন। প্রধান বিচারপতির কার্যত ‘অপসারণ’–এর পর সরকার বা বিচার বিভাগ, কোনো পক্ষ থেকেই এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যাতে বোঝা যায় যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত হয়েছে। এই কারণে ২০১৯ সাল থেকেই হাইকোর্ট বিভাগের তিনজন বিচারক অভিযোগের প্রেক্ষিতে বেঞ্চবিহীন অবস্থায় থাকলেও তাঁদের অপসারণের উদ্যোগ নেওয়া যায়নি। বরং এই প্রশ্ন মীমাংসার জন্য সরকার একটি রিভিউ আবেদন দাখিল করে, যা দীর্ঘদিন শুনানির অপেক্ষায় ছিল।
২০১৩ সাল থেকে নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে এবং পরবর্তী রাজনৈতিক সংঘাতে, সর্বোপরি, সেই বৈধতার সংকটে থাকা রাজনৈতিক ব্যবস্থা টিকিয়ে রাখতে গিয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, গুম-আহত হয়েছেন, কেউ কেউ অঙ্গহানি ও স্থায়ী পঙ্গুত্বের শিকার হয়েছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানেও বিপুলসংখ্যক মানুষ নিহত ও আহত হন। এসব প্রাণহানির প্রত্যক্ষ ও পরোক্ষ দায় নির্ধারণের ক্ষেত্রে প্রতিটি ঘটনার প্রমাণ, নির্দেশদানের শৃঙ্খল এবং সংশ্লিষ্ট ব্যক্তির ভূমিকা আলাদাভাবে বিশ্লেষণ করা জরুরি। কোনো রায়ের রাজনৈতিক পরিণতি যেমন বিচারকের ব্যক্তিগত অপরাধের স্বয়ংসম্পূর্ণ সাবুদ নয়, প্রমাণসাপেক্ষ; তেমন বিচারিক সুরক্ষাবর্ম ও স্বাধীনতাও বিচারকদের জবাবদিহির ঊর্ধ্বে স্থান দেয় না। এই দুই নীতির ভারসাম্য রক্ষা করেই রায়গুলোর সাংবিধানিক তাৎপর্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশে তাঁর ভূমিকা বিচার করা বিধেয়।
(চ) জুলাই গণ–অভ্যুত্থানোত্তর পর্ব
এ কথা অনস্বীকার্য যে জুলাই গণ–অভ্যুত্থানের পর শুধু কিছু ব্যক্তি ক্ষমতা থেকে উৎখাত হয়েছেন, এমন নয়। বস্তুত পুরো সাংবিধানিক কাঠামোই সাময়িকভাবে হলেও উৎখাত হয়ে যায়। একে এক ‘পরম ব্যতিক্রমী অবস্থা’ (state of exception) হিসেবে ব্যাখ্যা করলেই বোধগম্য হতে পারে। এটি এমনই এক ব্যতিক্রমী অবস্থা, যখন বিদ্যমান সংবিধান দিয়ে এই রাষ্ট্রকে চালিয়ে নেওয়া সম্ভব ছিল না। সাময়িকভাবে হলেও, রাষ্ট্রকে কিছু না কিছু ‘অধিসাংবিধানিক বন্দোবস্তের’ (extra-constitutional settlement) মাধ্যমেই বিনির্মাণের প্রয়োজন হয়ে পড়েছিল বাস্তবতার দাবিতে। তবে উদ্ভূত নানাবিধ আইনি-রাজনৈতিক প্রশ্নের মুখে এই পরম ব্যতিক্রমী অবস্থাকে ক্রমে একটি ‘আটপৌরে অবস্থা’য় (state of normalcy) নিয়ে আসাই ছিল রাষ্ট্রকাঠামোর চালিকা শক্তিগুলোর প্রধান ঝোঁক। এই প্রক্রিয়ায় নেওয়া অন্যান্য পদক্ষেপের মধ্যে অন্যতম একটি ঝোঁক ছিল আদালতের মধ্য দিয়ে কিছু প্রশ্নের মীমাংসা করে নেওয়া বা এগুলোকে প্রশ্নবিদ্ধ করা। এই ঝোঁকটির প্রবল অভিঘাত দেখা গেছে ষোড়শ ও ত্রয়োদশ সংশোধনী মামলার রিভিউ, পঞ্চদশ সংশোধনী মামলা, ১১৬ অনুচ্ছেদ সংক্রান্তে চতুর্থ ও পঞ্চদশ সংশোধনী মামলা এবং ১০৬ অনুচ্ছেদ সংক্রান্ত মামলার হাইকোর্ট ও আপিল বিভাগের ফয়সালায়। এ ক্ষেত্রে পরম ব্যতিক্রমী অবস্থার জন্য ৫ আগস্ট ২০২৪ উত্তরকালের ঘটনাপ্রবাহের সঙ্গে সঙ্গে পঞ্চদশ সংশোধনী দ্বারা উদ্ভূত কিছু সাংবিধানিক ব্যবস্থাও অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে উদ্ঘাটিত হতে দেখা যায়।
আদালতি ফয়সালা
এই প্রক্রিয়ার সাক্ষ্য–প্রমাণ হিসেবে পঞ্চদশ সংশোধনী মামলার রিট আবেদনকারী ড. বদিউল আলম মজুমদারের প্রো বোনো১৯ আইনজীবী নিযুক্ত হওয়া ড. শরীফ ভূঁইয়ার লিখিত বইয়ে উদ্ধৃত এই সরল স্বীকারোক্তিকে উপস্থাপন করা যায়—
‘পঞ্চদশ সংশোধনী মামলা দায়েরই করা হয়েছিল একটি নির্দয় ও স্বৈরাচারী শাসনব্যবস্থাকে সংবিধানের মাধ্যমেই নির্মূল করার উদ্দেশ্যে।’
প্রায় ১৩ বছর আগে দায়েরযোগ্য এই মামলাটি-বা কেন এই সময়েই এসে দায়ের করতে হলো, তার যে ব্যাখ্যা তিনি দিয়েছেন, তা থেকেও এই ঝোঁকের অনুসমর্থন পাওয়া যাবে। (ভূঁইয়া ২০২৫) এই প্রসঙ্গে তিনি বলছেন :
‘তখন এমনকি কেউ পঞ্চদশ সংশোধনীর সাংবিধানিকতাকে প্রশ্নবিদ্ধ করে আদালতের দ্বারস্থ হওয়ার চেষ্টাও করেননি। কারণ, তারা নিশ্চিত ছিলেন যে ফলাফল নেতিবাচকই হবে। তবে জুলাই বিপ্লবের মাধ্যমে এই ধারণা বদলে যায়।’
ষোড়শ সংশোধনী মামলার রিভিউ
এই প্রক্রিয়ার শুরুতেই চিহ্নিত করা যায় আপিল বিভাগের ষোড়শ সংশোধনী মামলার রিভিউ নিষ্পত্তি থেকে। তাতে ষোড়শ সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণার রায় বহাল রেখে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে এই ক্ষেত্রে বিদ্যমান অচলাবস্থার অবসান ঘটিয়ে এই বিষয়ে স্বাভাবিক অবস্থাকেই ফিরিয়ে আনা হয়। পরবর্তী সময়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কার্যক্রম শুরুর পর প্রাগুক্ত তিনজন২০ আর (বাসস ২০২৫) তদন্ত চলাকালে অপর দুজন বিচারক পদত্যাগ করেন (প্রথম আলো ২০২৫) এবং কাউন্সিলের তদন্তের প্রেক্ষিতে এই পর্যন্ত তিনজন বিচারককে অপসারণ করা হয় (প্রথম আলো ২০২৫)।
পঞ্চদশ সংশোধনী মামলা
এরপর পঞ্চদশ সংশোধনী মামলায় হাইকোর্ট বিভাগ পুরো সংশোধনীটি বাতিল করলে এর দ্বারা সংবিধানে সন্নিবেশিত কিছু ইতিবাচক পরিবর্তনও রদ হয়ে যাবে, এই বিবেচনায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিলুপ্তি, সংবিধান স্থগিত বা বিরুদ্ধাচরণকেও মৃত্যুদণ্ডযোগ্য রাষ্ট্রদ্রোহ এবং সংবিধানের এক–তৃতীয়াংশকে অসংশোধনযোগ্য মৌলিক কাঠামো ঘোষণা, সংবিধান সংশোধনে গণভোট বাতিল ইত্যাদিকে মৌলিক কাঠামোর পরিপন্থী বিবেচনায় বাতিল করে দেন। অবশিষ্টগুলোর ভবিষ্যতের আইনসভার বিবেচনার ওপর ছেড়ে দেন।২১ এ ক্ষেত্রে প্রাগুক্ত পঞ্চম সংশোধনী মামলার নিষ্পত্তির প্রক্রিয়ার সঙ্গে কিছুটা মিল পাওয়া যায়।
১১৬ অনুচ্ছেদের মামলা
১১৬ অনুচ্ছেদের মামলায় চতুর্থ সংশোধনীর মাধ্যমে জেলা আদালতের বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সুপ্রিম কোর্টের বদলে রাষ্ট্রপতি তথা সরকারের হাতে ন্যস্ত করার বিধানকে প্রশ্নবিদ্ধ করা হয়। (প্রথম আলো ২০২৫) চতুর্থ সংশোধনীর প্রায় সব বিষয়ই ক্রমে বাতিল হয়ে গেলেও এই একটি বিষয়ে বহাল থেকে যায়। অবশ্য এতে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার একটি বিধান যুক্ত করা হয় পঞ্চম সংশোধনীর মাধ্যমে। পরবর্তী সময়ে পঞ্চদশ সংশোধনীতেও এই বিধানকে প্রতিস্থাপন করে বহাল রাখা হয়। রায়ে ১১৬ অনুচ্ছেদে আনীত এই সব সংশোধনীকে ক্ষমতার পৃথক্করণ, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন এই সব মৌলিক কাঠামোর পরিপন্থী সাব্যস্ত করে অসাংবিধানিক ঘোষণা এবং রায়ের অনুলিপি প্রাপ্তির ৩ মাসের মধ্যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া হয়।
১০৬ অনুচ্ছেদ সংক্রান্ত মামলা
এই মামলায় ১০৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রদত্ত মতামতের অস্তিত্ব, এর ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের গঠনকে অসাংবিধানিক দাবি ও ২০২৪ সালের ৫ আগস্ট বিপ্লবের মূল্যবোধ ও চেতনাকে সমুন্নত রাখার জন্য সরকারকে একটি অন্তর্বর্তীকালীন সংবিধানিক দলিল প্রণয়ন ও জারির নির্দেশনা দেওয়ার প্রতিকার চাওয়া হয়। শুনানি শেষে হাইকোর্ট বিভাগ২২ আপিল বিভাগের মতামতের অস্তিত্ব-অনস্তিত্ব বিচার রিটের এখতিয়ারবহির্ভূত; এই সরকার জনগণের অভিপ্রায়ের ভিত্তিতেই গঠিত, বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক মহল সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে ও জনগণের সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশ বলেই এটি বৈধ; অস্থায়ী সংবিধান প্রণয়নের বিষয়টি আদালতের এখতিয়ারের বাইরে বিবেচনায় এমন প্রার্থনা খারিজ করে দেয়। এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে গেলে আপিল বিভাগও মামলা খারিজ করে দেন।২৩ এই দুই রায় থেকে আদালতের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরেকটি বিচারিক ঝোঁকের ইশারা মেলে। সেটি হলো, বিচারালয়ে বিশুদ্ধ রাজনৈতিক প্রশ্নের মীমাংসা করতে আদালতকে অনিচ্ছুক হতে দেখা। রাজনৈতিক প্রশ্নের ফয়সালা রাজনীতিতেই হওয়া বিধেয়—পরোক্ষভাবে এমন অভিমত পোষণ করতে দেখা গেছে উচ্চ আদালতের উভয় বিভাগকেই। আদালতে এই প্রশ্নের মীমাংসার জন্য এখন আর কেবল একটি রিভিউ আবেদন করার সুযোগ থেকে গেল।
ত্রয়োদশ সংশোধনী মামলার রিভিউ২৪
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানের অন্যতম মৌলিক কাঠামো গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী বিবেচনায় একে অসাংবিধানিক ঘোষণা করার পরপরই ১৫ সংশোধনী দিয়ে একে সংবিধান থেকে বাদ দেওয়া হয়। কিন্তু এর ফল হয় ভয়াবহ রকমের উল্টো। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ফলেই বরং দেখা যায় সংবিধানের সেই দুটি মৌলিক কাঠামো গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। যার অনিবার্য ফলই ডেকে আনে প্রকৃত নির্বাচনবিহীন স্বৈরশাসন। ২০২৪–এর গণ–অভ্যুত্থানের ভেতর দিয়েই উৎখাত ঘটে সেই শাসনব্যবস্থার। এই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই মামলা। বিস্তারিত শুনানির পর আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী মৌলিক কাঠামো পরিপন্থী নয়; বরং প্রধান একটি মৌলিক কাঠামো গণতন্ত্রের সুরক্ষার জন্য এটি অত্যাবশ্যক এবং জাতীয়ভাবে সর্বসম্মতভাবে এটি গৃহীত হওয়ায় তা জনগণের সার্বভৌম অভিপ্রায়েরই বহিঃপ্রকাশ সাব্যস্ত করে রায় বাতিল করে ভাবী সাপেক্ষে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে পুনরুজ্জীবিত করেন। অবশ্য পুনরুজ্জীবিত করার পর এখনই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হওয়ার সুযোগও নেই। কারণ, একদিকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হওয়ার জন্য আবশ্যক কিছু বিধান পঞ্চদশ সংশোধনী দিয়ে বাতিল করার সঙ্গে সঙ্গে আবার এমন কিছু নতুন বিষয়ও সংবিধানে যুক্ত হয়, যেগুলো বহাল থাকাবস্থায় এই ব্যবস্থা বলবৎযোগ্য নয়।
আপিল বিভাগে পঞ্চদশ সংশোধনী মামলা
পঞ্চদশ সংশোধনী মামলায় হাইকোর্টের প্রাগুক্ত রায় যাতে এই সংশোধনী আংশিকভাবে বাতিল করেন, তার বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে যান রিটকারী। তিনি পুরো সংশোধনীই অসাংবিধানিক ঘোষণার আবেদন জানান। অন্যদিকে আরও দুটি আপিল দায়ের করা হয়। তদুপরি আরও বেশ কয়েকজন ইন্টারভেনার হিসেবে পক্ষভুক্ত হন। সব পক্ষই আপিল বিভাগে দীর্ঘ শুনানিতে করেন। তাতে উদ্ঘাটিত হয় যে এই সংশোধনী পুরোপুরি বাতিল করলে সংবিধান থেকে বিসমিল্লাহ ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল হয়ে যায়, একদলীয় বাকশালের পুনরুজ্জীবন ঘটে, হাইকোর্ট বিভাগের রিট এখতিয়ার খর্ব হয়, হাইকোর্টের রায়ের অনুযায়ী সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধানও পুনরুজ্জীবিত হয়নি। এই অবস্থায় এতে মৌলিক কাঠামো বা এই সংশোধনীর পদ্ধতিগত গলদের উসিলায় এতে আদালতের হস্তক্ষেপ করলে তা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার বদলে অধিকতর শাসনতান্ত্রিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা ও সাংবিধানিক সংকট ফলত নৈরাজ্য ডেকে আনতে পারে। (প্রথম আলো ২০২৫) অন্যদিকে এসব এড়ানোর জন্য যেসব পদ্ধতি নেওয়া যেতে পারে তাতে আদালতকে প্রাগুক্ত পঞ্চম ও সপ্তম সংশোধনী মামলার মতো পরম সাংবিধানিক ত্রিত্বের ভূমিকায় অবতীর্ণ হয়ে রাজনৈতিক প্রশ্নের মীমাংসার আশ্রয় নিতে হবে। তদুপরি আদালত পর্যবেক্ষণ করেন যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদন, জাতীয় ঐকমত্য কমিশনে গৃহীত রাজনৈতিক সিদ্ধান্ত, জুলাই ঘোষণা ও সনদ প্রণয়ন এবং সেগুলোর আলোকে কয়েক সপ্তাহের মধ্যে এসব বিষয়ে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে গঠিত সংবিধান সংস্কার সভায় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা এই মামলায় আলোচিত বিষয়গুলো রাজনৈতিকভাবে নিষ্পত্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে সমগ্র জাতি। এই অবস্থায় এসব বিষয়ে আদালত সিদ্ধান্ত নিতে গেলে তা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করার যেমন সম্ভাবনা থাকে, তেমন সম্ভাবনা থাকে আদালতের নেওয়া কোনো সিদ্ধান্ত সংবিধান সভার ফয়সালার দ্বারা অপ্রয়োজনীয় হয়ে পড়ার। জাতীয় ঐক্যের এই বৃহত্তর পরিসর ও সংবিধানের বিষয়ে জনগণের সার্বভৌম সিদ্ধান্ত নেওয়ার আশু সম্ভাবনার আলোকে আদালত আপাতত এই মামলায় কোনো ফয়সালা শোনানো থেকে বিরত থাকা বিধেয় গণ্য করেন। আদালতের এহেন সিদ্ধান্ত রাজনৈতিক প্রশ্নের মীমাংসা আদালতে না হয়ে রাজনীতির অঙ্গনে হওয়াই ইপ্সিত—প্রাগুক্ত এই ঝোঁককেই পোক্ত করে।
(ছ) রায়ের দায় ও ক্ষতচিহ্ন
২০০৯-২০২৪ পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে যে ‘বিচারিক দস্যিপনা’ (judicial adventurism) পরিলক্ষিত হয়, সেটি এক পক্ষের কাছে যেমন ছিল প্রগতিশীলতা, অন্য পক্ষের কাছে তেমন হঠকারিতা বলে প্রতিভাত হয়েছে। সেটি যা–ই হোক না কেন, এই পুরো প্রক্রিয়ার বিচারপতি খায়রুল হকই ছিলেন প্রধান চরিত্র, এই বিষয়ে দ্বিমত করার অবকাশ সামান্যই। এই আমলে বাংলাদেশে যে সাংবিধানিক বিনির্মাণ প্রকল্প গৃহীত হয়, পঞ্চম সংশোধনী বাতিল করে সাংবিধানিক শূন্যতার সূচনা, সপ্তম সংশোধনী বাতিলের মাধ্যমে সেই শূন্যতাকে আরও ঘনীভূতকরণ, শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক বলে সাব্যস্ত করা, ড. মুহম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণের সরকারি আদেশকে বৈধতা দেওয়া, দৈনিক আমার দেশের সম্পাদককে সাজা দেওয়ার আদেশ, খালেদা জিয়াকে বসতবাড়ি থেকে উচ্ছেদ থেকে সর্বশেষ, ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করার মধ্য দিয়ে সেই প্রকল্পকে পূর্ণতা দানে প্রধান অনুঘটকের ভূমিকা পালনের মধ্য দিয়ে তিনি এই অবতারে উত্তীর্ণ হন। এই সব ‘বিচারিক দস্যিপনা’-র ভেতর দিয়ে তিনি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশে চরম কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার বীজতলা নির্মাণ ও এর পক্ষে পরোক্ষ সম্মতি আদায়ের আয়োজন করে দেন বলে সমালোচকেরা অভিমত প্রকাশ করেছেন। বিশেষত তাঁর অবসরের মাত্র সাত দিন আগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় ঘোষণার মাধ্যমে তিনি দৃশ্যত তাঁর অভিযান শেষ করেন।
এর পক্ষে তাঁর যুক্তি ছিল, এই ব্যবস্থায় জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়াই সরকার গঠিত হয়, যা গণতন্ত্রের পরিপন্থী। অথচ বাংলাদেশের নির্বাচনী গণতন্ত্রের যে সীমিত পরিসর ১৯৯০ থেকে ২০০৬ সাল পর্যন্ত টিকে ছিল, তার পেছনে সাবেক তিন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ, মুহাম্মদ হাবিবুর রহমান ও লতিফুর রহমানের নেতৃত্বাধীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারগুলোর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি ২০০৭-৮–এর ফখরুদ্দীন আহমেদের সরকারও চরিত্রে ছিল একই রকমের নির্দলীয়। এই ব্যবস্থার বিলোপের পর নির্বাচনী গণতন্ত্রের যে ক্রমাবনতি ঘটেছে, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গভীর ক্ষত।
বোঝা যায়, গণতন্ত্রকে নিছক তাত্ত্বিকতায় পর্যবসিত করেছিলেন তিনি। অথচ গণতন্ত্রের বিচার কেবল তত্ত্বের কষ্টিপাথরে হয় না; তার বিচার হয় জনগণের অভিজ্ঞতা, অংশগ্রহণ ও ইচ্ছার বাস্তব প্রতিফলনে। কোনো ব্যবস্থা তাত্ত্বিক সংজ্ঞার সঙ্গে পুরোপুরি না মিললেও জনগণের কাছে গ্রহণযোগ্য ও কার্যকর হতে পারে। ধ্রুপদি সংসদীয় গণতন্ত্রের প্রচলিত রীতিতেও নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়ার পর অন্তর্বর্তী সময়ে ক্ষমতাসীন সরকারই দায়িত্ব পালন করে। সেই সময়ের সরকারও জনগণ দ্বারা নির্বাচিত হয় না, তাই এর রাজনৈতিক বৈধতার ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা সম্ভব, কিন্তু এ কারণে তাকে স্বয়ংক্রিয়ভাবে অনির্বাচিত বা গণতন্ত্রবিরোধী ঘোষণা করা হয় না। কোনো ব্যবস্থার তাত্ত্বিক সীমাবদ্ধতা তুলে ধরে তার বিকল্প হিসেবে আরও গ্রহণযোগ্য ব্যবস্থা প্রতিষ্ঠা করা এক বিষয়। আর তাত্ত্বিক যুক্তির আশ্রয়ে জনগণের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনী বন্দোবস্ত বিলোপ করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কীভাবে যুক্তির কাঠামোকে ব্যবহার করে রাজনৈতিক অভিপ্রায়ের অনুকূলে সিদ্ধান্ত দাঁড় করানো যায়, এই রায় তার একটি দৃষ্টান্ত হিসেবে পাঠযোগ্য হতে পারে।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কোনো একক দলের একতরফা উদ্ভাবনও ছিল না। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন বাম ও ডানপন্থী দলের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ১৯৯৬ সালে বিএনপি সরকার সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা প্রবর্তন করতে এক রকম বাধ্য হয়। এর পেছনে ছিল এক বিরল রাজনৈতিক ঐকমত্য: দলীয় সরকারের অধীন অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের নিরপেক্ষতা নিয়ে যে গভীর অবিশ্বাস তৈরি হয়েছিল, তার একটি প্রাতিষ্ঠানিক সমাধান খুঁজে বের করা। এর আগে ১৯৯১ সালে রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা থেকে সংসদীয় সরকারব্যবস্থায় প্রত্যাবর্তনের ক্ষেত্রেও রাজনৈতিক ঐকমত্যের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অর্থাৎ বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছিল কেবল একটি আইনি বিধান নয়; তা ছিল রাজনৈতিক অবিশ্বাস নিরসনের জন্য গড়ে ওঠা একটি জাতীয় সমঝোতার সাংবিধানিক রূপ।
২০১১ সালের আগে তত্ত্বাবধায়ক সরকার বাতিল তো দূরের কথা, এটা উচ্চারণ করারও সাহস ছিল না তৎকালীন সরকারের। ২০০৮ সালে তাদের নির্বাচনী ইশতেহারেও এমন কিছু বলা সম্ভব ছিল না। সেই সময়ের রাজনৈতিক বাতাবরণ এমনই ছিল যে নির্বাচিত কোনো সরকারের অধীন বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব, এমনটি কেউ ভাবতেও পারেনি। সেই প্রেক্ষাপটে সামনে আসে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের রায়। সমালোচকদের অভিযোগ, রায়টি জাতীয় ঐকমত্যে প্রতিষ্ঠিত একটি ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণে আদালতের ভূমিকা ও রাজনৈতিক পরিণতি সম্পর্কে যথেষ্ট অসংযম দেখিয়েছে। বিশেষত স্বয়ং অ্যাটর্নি জেনারেল, একজন ব্যতীত সব অ্যামিকাস কিউরির মতামত এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অব্যাহত রাখার পক্ষে উত্থাপিত যুক্তিগুলো কীভাবে বিবেচিত হয়েছিল, তা এই বিতর্কের গুরুত্বপূর্ণ অংশ। অ্যামিকাস কিউরি হিসেবে থাকা ড. কামাল হোসেন, বিচারপতি টি এইচ খান, মাহমুদুল ইসলাম, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার রফিক-উল হক, ড. এম জহিরের মতো বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ পোষণকারী দেশবরেণ্য আইনজ্ঞদের অভিমত অগ্রাহ্য করে ব্যারিস্টার আজমালুল হোসেনের মতকে মান্যতা দেওয়ার বিষয়টি সত্যি ভাবনার উদ্রেক ঘটায়।
লক্ষণীয়, এ মামলায় অপর যে তিন বিচারক বিচারপতি খায়রুল হকের সঙ্গে একমত হয়ে রায় দিয়েছিলেন, তাঁরা প্রত্যেকেই পরে দীর্ঘ সময়ের জন্য প্রধান বিচারপতি হয়েছিলেন, যাঁদের দুজন প্রধান বিচারপতি হয়েছিলেন জ্যেষ্ঠদের ডিঙিয়ে। প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য, বিচারপতি খায়রুল হককেও প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছিল দুজন জ্যেষ্ঠ বিচারককে ডিঙিয়ে। এই প্রতিটি ক্ষেত্রেই প্রতিক্রিয়ায় জ্যেষ্ঠদের পদত্যাগের ঘটনা ঘটেছিল। বাংলাদেশের বিচারক নিয়োগের ক্ষেত্রে এই সব রাজনৈতিকীকরণ নিয়ে নানা প্রশ্ন বিদ্যায়তনিক মহলেও সুবিদিত ছিল। (আসানো ও মিনাতো ২০১৯) পরবর্তী সময়ে খায়রুল হক সেই শাসনামলের শেষ দিন পর্যন্তও টানা ১১ বছরের বেশি সময় আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রধান বিচারপতির পদমর্যাদা ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ভোগ করেন। (বাংলা ট্রিবিউন ২০২৪) তাঁর এই পরবর্তী প্রাতিষ্ঠানিক অবস্থান এবং শেখ হাসিনা সরকারের সঙ্গে তাঁর সম্পর্কও রাজনৈতিক বিতর্কের বিষয় হয়েছে। বিশেষত ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর বিচারপতি এস কে সিনহার সঙ্গে তৎকালীন সরকারের সংঘাতের সময় খায়রুল হকের অবস্থান ও বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে।২৫ এসব ঘটনাকে তত্ত্বাবধায়ক সরকারবিষয়ক রায়ের সঙ্গে মিলিয়ে কেউ কেউ রাজনৈতিক ঘনিষ্ঠতার ইঙ্গিত হিসেবে দেখেন (শওকত ২০১৭)।
রায়ের সমালোচনায় আরও প্রশ্ন উঠেছে, বিচারিক সিদ্ধান্তের মাধ্যমে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত বিলোপের পথ খুলে দেওয়া কতটা সমীচীন ছিল, যার পেছনে ছিল বহুদলীয় ঐকমত্য এবং নির্বাচনী নিরপেক্ষতার বাস্তব দাবি। লক্ষণীয়, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের সিদ্ধান্তের সঙ্গে যুক্ত সংক্ষিপ্ত আদেশে পরবর্তী দুটি সংসদ নির্বাচন এই ব্যবস্থার অধীন অনুষ্ঠানের সম্ভাবনা রাখার কথা বলা হয়েছিল বলে বহুল আলোচিত। এই পর্যবেক্ষণ থেকে অন্তত বোঝা যায়, ব্যবস্থাটির প্রয়োজনীয়তা ও তার অবিলম্বে বিলোপের পরিণতি নিয়ে বিচারিক পরিসরেও প্রশ্ন ছিল। কিন্তু পরবর্তী ঘটনাপ্রবাহে সেই সম্ভাবনা আর কার্যকর থাকেনি।
খায়রুল হকের রায়কে ভিত্তি করেই শেখ হাসিনা সরকার ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধান থেকে বিলোপ করে। এ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিরোধী দল তো বটেই, এমনকি নিজ দলের সংসদ সদস্যদের মতামতও যথাযথ গুরুত্ব পায়নি বলে রাজনৈতিক আলোচনা রয়েছে। (বদিউল ২০২৩) আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আদালতের রায় কি সরকারকে একটি রাজনৈতিক সিদ্ধান্তের সাংবিধানিক যুক্তি জুগিয়েছিল, যে সিদ্ধান্ত সরাসরি রাজনৈতিক প্রক্রিয়ায় গ্রহণ করা কঠিন হতো? আদালতের সিদ্ধান্ত ও পরবর্তী সাংবিধানিক সংশোধনীর মধ্যকার এই সম্পর্ক বিচারিক ক্ষমতা, রাজনৈতিক দায় এবং গণতান্ত্রিক বৈধতার প্রশ্নকে সামনে নিয়ে আসে।
বিতর্কের আরেকটি গুরুতর দিক হলো, রায়ের সংক্ষিপ্ত আদেশ ও পরে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ের মধ্যকার সম্পর্ক। সমালোচকদের বক্তব্য, পরবর্তী দুটি নির্বাচনের বিষয়ে সংক্ষিপ্ত আদেশে যে অবস্থানের প্রতিফলন ছিল, পূর্ণাঙ্গ রায়ে তা আর একইভাবে থাকেনি; সেখানে ইতিমধ্যে সংবিধান সংশোধন করে ব্যবস্থাটি বিলোপ করার বিষয়টিও বিবেচনায় এসেছে। এর ফলে প্রশ্ন উঠেছে, পূর্ণাঙ্গ রায়ে সংক্ষিপ্ত আদেশের তাৎপর্য ও নির্দেশনামূলক অবস্থান কতটা অক্ষুণ্ন ছিল। বিচারিক আদেশের কার্যকর অংশে পরিবর্তন আনার সীমা, তার পদ্ধতি এবং রায়ের চূড়ান্ততার নীতি নিয়ে এই বিতর্ককে হালকাভাবে দেখার সুযোগ নেই। সমালোচকেরা একে সরাসরি বিচারিক তঞ্চকতা বা নজিরবিহীন অপরাধ বলে মনে করেছেন। অবশ্য এই সিদ্ধান্তে পৌঁছাতে হলে সংশ্লিষ্ট আদেশ, পূর্ণাঙ্গ রায় এবং প্রযোজ্য বিচারিক বিধানের নির্ভুল তুলনামূলক বিশ্লেষণও প্রয়োজন।
এসবের আলোকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপের পেছনে বিচারপতি খায়রুল হকের রায়ের ভূমিকা নিয়ে এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আদালতের সিদ্ধান্ত কখনো কেবল আইনের ব্যাখ্যায় সীমাবদ্ধ থাকে না; বিশেষ রাজনৈতিক বাস্তবতায় তা ক্ষমতার ভারসাম্য ও নির্বাচনী ব্যবস্থার ভবিষ্যৎও নির্ধারণ করতে পারে। বিচারিক সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক যোগসাজশ ছিল কি না, সেটি প্রমাণসাপেক্ষ প্রশ্ন। কিন্তু সিদ্ধান্তটির রাজনৈতিক অভিঘাত এবং তার ফলে সৃষ্ট সাংবিধানিক পরিবর্তনের দায় নিয়ে আলোচনা করা সম্পূর্ণ বৈধ।
রায়টির রাজনৈতিক পরিণতি নিয়ে প্রশ্নও এড়ানো যায় না। ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপের পর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন ঘিরে যে বিতর্ক, বর্জন, সহিংসতা ও বৈধতার সংকট তৈরি হয়েছে, তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের কেন্দ্রীয় বিষয় হয়ে উঠেছে এবং থাকবে। দেশি-বিদেশি পর্যবেক্ষক, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মধ্যে এসব নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতাই ছিল না। এই দীর্ঘ সংকটের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপের সম্পর্ক কতটা প্রত্যক্ষ, তা নিয়ে বিশ্লেষণ সম্ভব; কিন্তু ব্যবস্থাটি বিলোপের ফলে নির্বাচনী নিরপেক্ষতা নিয়ে বিদ্যমান অবিশ্বাস যে আরও গভীর হয়েছে, সেই প্রশ্নকে অস্বীকার করা কঠিন।
২০১৩ সাল থেকে নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে এবং পরবর্তী রাজনৈতিক সংঘাতে, সর্বোপরি, সেই বৈধতার সংকটে থাকা রাজনৈতিক ব্যবস্থা টিকিয়ে রাখতে গিয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, গুম-আহত হয়েছেন, কেউ কেউ অঙ্গহানি ও স্থায়ী পঙ্গুত্বের শিকার হয়েছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানেও বিপুলসংখ্যক মানুষ নিহত ও আহত হন। এসব প্রাণহানির প্রত্যক্ষ ও পরোক্ষ দায় নির্ধারণের ক্ষেত্রে প্রতিটি ঘটনার প্রমাণ, নির্দেশদানের শৃঙ্খল এবং সংশ্লিষ্ট ব্যক্তির ভূমিকা আলাদাভাবে বিশ্লেষণ করা জরুরি। কোনো রায়ের রাজনৈতিক পরিণতি যেমন বিচারকের ব্যক্তিগত অপরাধের স্বয়ংসম্পূর্ণ সাবুদ নয়, প্রমাণসাপেক্ষ; তেমন বিচারিক সুরক্ষাবর্ম ও স্বাধীনতাও বিচারকদের জবাবদিহির ঊর্ধ্বে স্থান দেয় না। এই দুই নীতির ভারসাম্য রক্ষা করেই রায়গুলোর সাংবিধানিক তাৎপর্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশে তাঁর ভূমিকা বিচার করা বিধেয়।
(জ) বিচারিক সক্রিয়তাজনিত খাদ ও ঝুঁকি
জুলাই গণ-অভ্যুত্থানোত্তর বাংলাদেশে বাস্তবে ঘটে যাওয়া সাংবিধানিক বিচ্যুতির প্রশ্নটি মোকাবিলার ক্ষেত্রে দুটি তাত্ত্বিক ধারার জন্ম দিয়েছে। এর প্রথমটি হলো একটি নতুন সাংবিধানিক শুরুর প্রয়াস আর অপরটি হলো সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার তাগিদ। আমাদের সাংবিধানিকতার ইতিহাসে এমন ব্রাহ্মমুহূর্ত ১৯৭৫, ১৯৮২, ১৯৯০, ২০০৭ ও ২০২৪ মিলিয়ে মোট ৫ বার এসেছে। এর মধ্যে ২০০৭–এর ঘটনাটি ছাড়া বাকি ৪ ক্ষেত্রেই একটি নতুন সাংবিধানিক সূচনার সম্ভাবনা বিকল্প হিসেবে হাজির হয়েছিল। ১৯৭৫, ১৯৮২, ১৯৯০—এই তিনবারই অভ্যুত্থানজনিত ‘পরম ব্যতিক্রমী অবস্থা’কে মীমাংসা করা হয়েছে সংবিধান সংশোধনী এনে। তিনবারই নতুন সাংবিধানিক শুরুর বিকল্পকে প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন শক্তিগুলো বিদ্যমান সংবিধানের আওতায় নিজেদের নিয়ে এসে মধ্যবর্তী সময়কে ভূতাপেক্ষভাবে বৈধতা দিয়ে সাংবিধানিক খাদটি পূরণ করে সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে। অত্যন্ত ব্যতিক্রমধর্মী অবস্থান ২০০৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিদ্যমান সাংবিধানিক খাদ পূরণের প্রশ্নে ক্ষমতাসীন শক্তি নির্লিপ্ত থাকার অবস্থান নিয়েছিল। বিস্ময়করভাবে এই খাদ পূরণের লক্ষ্যে তারা কোনো সংবিধান সংশোধনী আনেনি। বরং দেখা গেছে, সেই ঘটনার অনেক পর ২০১২ সালে লিখিত প্রাগুক্ত ত্রয়োদশ সংশোধনী মামলার আপিল বিভাগের রায়ে (প্রাগুক্ত বিচারপতি খায়রুল হক লিখিত) সেই প্রায় দুই বছর কাল সময়ে কৃত কার্যাবলি মার্জনা করতেও দেখা গেছে। বলা যেতে পারে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ও দায়ভার যাদের ওপর বর্তায়, সেই রাজনৈতিক শক্তির ঔদাসীন্যের মুখে এহেন অযাচিত বিচারিক প্রণয়নের ভেতর দিয়েই খুবই বায়বীয়ভাবে হলেও রক্ষিত হয়েছিল আমাদের সাংবিধানিক ধারাবাহিকতার সিলসিলা। কিন্তু বিচারপতি খায়রুল হকের লিখিত এই রায় পুরোপুরি বাতিল করে দিয়ে ত্রয়োদশ সংশোধনীর যে রিভিউ মামলার সিদ্ধান্ত প্রকাশিত হয়, তাতে এই বৈধতার বিষয়টি রক্ষিত না হওয়ায় বলা যায় যে আমাদের সাংবিধানিক ধারাবাহিকতার ফাটলটি পুনরুজ্জীবিত হয়েছে। (মিল্লাত ২০২৬) সাধারণত কোনো পরম ব্যতিক্রমী অবস্থার সুফলভোগী রাজনৈতিক শক্তিগুলোকেই সেই সময়ের দায়ভার নিতে দেখা যায় বা নিতে বাধ্য হয়। এ ক্ষেত্রে সুফলভোগীরা দায় নেয়নি। তারা পঞ্চদশ সংশোধনীর মতো সাংবিধানিক বিনির্মাণ প্রকল্প নেওয়াসহ আরও দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনলে বিষয়টি নিয়ে নিরাসক্তি থেকে গেছে। এরপর এ ব্যাপারে বিচারিক সক্রিয়তার রজ্জুটি ছিন্ন হয়ে যাওয়ায় অন্য কেউ এই দায়ভার নেবে, এমন লক্ষণ পরিদৃষ্ট হয় না। ২০২৪–এর ক্ষেত্রেও নতুন সাংবিধানিক সূচনার প্রাথমিক তীব্রতাকে ছাপিয়ে বিদ্যমান সাংবিধানিক বন্দোবস্তে ফিরে গিয়ে সাংবিধানিক ধারাবাহিকতার পরম্পরাই রক্ষিত হবে, এমন চিহ্নই স্পষ্ট।
এসব প্রক্রিয়ার মধ্যে আরও একটি ঝুঁকির পূর্বাভাস বা আশঙ্কার কথাও বলে রাখা যায়। আমরা ত্রয়োদশ সংশোধনীর ক্ষেত্রে দেখতে পেয়েছি, রিভিউর মাধ্যমে সর্বোচ্চ আদালতের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বাতিলের বিতর্কিত ও গণ–অভিপ্রায়বিরোধী রায় রদ করা সম্ভব হয়েছে। সর্বোচ্চ আদালতের যেকোনো সিদ্ধান্ত রিভিউ করা সাংবিধানিকভাবেই বৈধ, তাই এ নিয়ে বিতর্কের অবকাশ নেই। আর এখন পর্যন্ত আমাদের সাংবিধানিক কাঠামোতে রিভিউই হচ্ছে সর্বশেষ বিচারিক ধাপ, রিভিউতে নিষ্পত্তি হওয়া কোনো বিষয় আর কোনোভাবেই পুনর্বিবেচনার সুযোগ নেই। কিন্তু আমাদের পার্শ্ববর্তী ভারতীয় বিচারব্যবস্থায় রিভিউই শেষ কথা নয়। সেখানে বিচারিক সিদ্ধান্তের মাধ্যমে সর্বোচ্চ আদালতের রিভিউ শেষের পর আরেকবার সেটি আদালতেই পুনর্বিবেচনার সুযোগ তৈরি হয়েছে। একে বলা হয় কিউরেটিভ পিটিশন।২৬ এর মাধ্যমে সিদ্ধান্ত বদলে যাওয়ার সুযোগ আছে। আমাদের বিচারব্যবস্থার ওপর ভারতীয় উচ্চ আদালতের সিদ্ধান্তের আইনশাস্ত্রীয় প্রভাব অত্যন্ত প্রবল। মৌলিক কাঠামো, জনস্বার্থ মামলা, বিচার বিভাগের পৃথক্করণসহ অসংখ্য প্রশ্নে এই বুদ্ধিবৃত্তিক হেজিমনি অনুভব করা যাবে। প্রশ্ন হলো ভবিষ্যতে যদি বিচারিক সক্রিয়তা বা সাংবিধানিকভাবে এখানেও কিউরেটিভ পিটিশন নামের ব্যবস্থা প্রবর্তিত হয়, তখন প্যান্ডোরার বাক্সটি খুলে গিয়ে ইতিমধ্যে নিষ্পত্তি হওয়া বিষয়গুলোও পুনরুজ্জীবিত হওয়ার উপক্রম হলে কী হবে?
একইভাবে একবার নাকচ হলেও ভবিষ্যতের কোনো একদিন আদালতের মাধ্যমে একটি নতুন সংবিধান জারির প্রার্থনায় সায় দিয়ে কোনো ‘বৈপ্লবিক বিচারিক সক্রিয়তা’র (রেভল্যুশনারি জুডিশিয়াল অ্যাকটিভিজম) উন্মেষ ঘটেও যেতে পারে। বিষয়গুলো বাস্তবে ঘটবেই—এমন নয়, কিন্তু যদি ঘটে যায়, তবে তার অবয়ব কিংবা পরিণতি, আন্তর্জাতিক পরিমণ্ডলে এর গ্রহণযোগ্যতা বা বৈশ্বিক সংবিধানশাস্ত্রে এর প্রভাব কেমন হতে পারে—এসবের বিদ্যায়তনিক আলোচনা ভবিষ্যতের জন্যও পাথেয় হতে পারে।
উপসংহার
বাংলাদেশের প্রেক্ষাপটে জনমত ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে উপেক্ষা করে রাজনৈতিক প্রশ্নের বিচারিক মীমাংসার ওপর অতিমাত্রায় নির্ভরশীলতার অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাম্প্রতিক সময়ে আদালতের বিচারিক সংযম প্রদর্শনের যে প্রবণতা লক্ষ করা গেছে, তাকে ‘বিচারিক হঠকারিতা’র বিপরীতে ‘বিচারিক রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞা’ (জুডিশিয়াল স্টেটসম্যানশিপ) হিসেবে অভিহিত করা যায়। এর তাৎপর্য কেবল আদালতের এখতিয়ার প্রয়োগে সংযত থাকা নয়; বরং কোন প্রশ্ন বিচারিক মীমাংসার উপযুক্ত, কোন প্রশ্নের নিষ্পত্তি রাজনৈতিক প্রক্রিয়ার ওপর ছেড়ে দেওয়া সমীচীন এবং বিচারিক হস্তক্ষেপের সম্ভাব্য প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক পরিণতি কী হতে পারে, সে সম্পর্কে দূরদর্শী উপলব্ধি অর্জনেও নিহিত। বাংলাদেশের নিকট অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, এ ধরনের দূরদর্শিতার অভাবে রাষ্ট্রের তিনটি প্রধান অঙ্গ কখনো পরস্পরের সঙ্গে ক্ষমতার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, কখনো আবার তাদের স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক সত্তা ও কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা দুর্বল হয়ে ক্ষমতার কেন্দ্রীভবনের পথ প্রশস্ত হয়েছে। এই দুই প্রবণতাই রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা, ক্ষমতার ভারসাম্য এবং জনগণের ন্যায্য অধিকার ও প্রাপ্যতা নিশ্চিত করার প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে বিচারিক সংযমের অর্থ অন্যায়, অসাংবিধানিকতা কিংবা মৌলিক অধিকার লঙ্ঘনের প্রশ্নে আদালতের দায়িত্ব এড়িয়ে যাওয়া নয়; বরং বিচারিক এখতিয়ারের যথাযথ প্রয়োগ এবং রাজনৈতিক প্রক্রিয়ার নিজস্ব পরিসরের প্রতি শ্রদ্ধার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করা। এই উপলব্ধি থেকে নির্বাহী বিভাগ ও আইনসভারও শিক্ষা নেওয়ার রয়েছে। নির্বাহী বিভাগের জন্য তা ক্ষমতার সীমা ও জবাবদিহি স্বীকার করার শিক্ষা, আর আইনসভার জন্য জনগণের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের তাগিদ। রাষ্ট্রের কোনো অঙ্গের আত্মসংযমই অন্য অঙ্গের স্বেচ্ছাচারের অবকাশ সৃষ্টি করতে পারে না; বরং প্রতিটি অঙ্গের দায়িত্বশীলতা, পারস্পরিক নিয়ন্ত্রণ ও সাংবিধানিক সীমার প্রতি শ্রদ্ধাই কাঙ্ক্ষিত ভারসাম্যের ভিত্তি। এমন প্রাতিষ্ঠানিক আত্মোপলব্ধি ও পারস্পরিক সংযমের মধ্য দিয়েই একটি অধিকতর ভারসাম্যপূর্ণ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রকাঠামো নির্মাণের পথ সুগম হতে পারে।
প্রান্ত টীকা
১. “We are under a Constitution, but the Constitution is what the judges say it is.”
২. লখনার যুগ (Lochner era) মার্কিন সংবিধানিক ইতিহাসের সেই সময়কালকে বোঝায় (প্রায় ১৮৯৭–১৯৩৭), যখন সুপ্রিম কোর্ট প্রায়ই অর্থনৈতিক ও শ্রম–সম্পর্কিত নিয়মাবলিকে ১৪তম সংশোধনের ডিউ প্রসেস বিধি (Due Process Clause) লঙ্ঘনের কারণে বাতিল করত, বিশেষত ‘চুক্তির স্বাধীনতা’র (freedom of contract) নামে। এই যুগের নাম এসেছে Lochner v. New York [198 U.S. 45 (1905)] মামলার পরিপ্রেক্ষিতে। সেই মামলায়, আদালত নিউইয়র্কের একটি আইন যা রুটি প্রস্তুতকারীদের কাজের সময় সীমিত করেছিল, তা বাতিল করেছিল এই যুক্তিতে যে আইনটি চুক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করছে।
৩. Muhammad Abdul Haque v Fazlul Quader Chowdhury; 15 DLR (Dacca) 355 [1963]।
৪. Fazlul Quader Chowdhury v. M. Abdul Huq, PLD 1963 SC 486
৫. District Bar Association Rawalpindi Vs. Federation of Pakistan and Ors.; PLD 2015 SC 401
৬. Agreement between the Government of the People’s Republic of Bangladesh and the Government of the Republic of India Concerning the Demarcation of the Land Boundary between India and Bangladesh and Related Matters, 16 May 1974.
৭. Kazi Mukhlesur Rahman v. Bangladesh; 26 DLR (AD) 44 (1974)।
৮. Hamidul Huq Chowdhury & Others Vs. Bangladesh, 1981 1 BLD 381
৯. প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী, বিচারপতি সাহাবুদ্দীন আহমদ, বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান ও বিচারপতি এ টি এম আফজালের সমন্বয়ে গড়া বেঞ্চে বিচারপতি এ টি এম আফজাল ভিন্নমত পোষণ করেন। তাই ৩-১ সংখ্যাগরিষ্ঠতায় রায় ঘোষিত হয়।
১০. The Constitution (Fifth Amendment) Act, 1979, যা পঞ্চম সংশোধনীর আইনগত নাম।
১১. এগুলো লাতিন আইনগত নীতি (legal maxim). Id quod alias non est licitum, necessitas licitum facit—এর অর্থ হলো যে কাজটি সাধারণ অবস্থায় বৈধ নয়, প্রয়োজনের তাগিদে তা বৈধ হয়ে যেতে পারে। Salus populi est suprema lex—এর মানে হলো জনগণের কল্যাণই সর্বোচ্চ আইন আর Salus reipublicae est suprema lex—এর মূল কথা হলো রাষ্ট্রের কল্যাণই সর্বোচ্চ আইন।
১২. ৮ নভেম্বর ১৯৭৫ তারিখে খন্দকার মোশতাক আহমদ ঘোষিত ফরমান।
১৩. অনুচ্ছেদ ৬; Proclamations (Amendment) Order, 1977 (Proclamations Order No. 1 of 1977)।
১৪. Second Proclamation (Seventh Amendment) Order, 1976 (Second Proclamation Order No. IV of 1976); Second Proclamation (Tenth Amendment) Order, 1977 (Second Proclamation Order No. 1 of 1977) এবং the Second Proclamation (Fifteenth Amendment) Order, 1978 (Second Proclamation Order No. IV of 1978)।
১৫. Second Proclamation (Tenth Amendment) Order, 1977 (Second Proclamation Order No. 1 of 1977)। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয় প্রধান বিচারপতি ও পরবর্তী জ্যেষ্ঠ দুজন বিচারপতির সমন্বয়ে। অভিযোগ তাদের কারও বিরুদ্ধে হলে তিনি বাদে পরবর্তী জ্যেষ্ঠজন সদস্য হবেন।
১৬. আদেশে প্রতিশ্রুত পূর্ণাঙ্গ রায়টি লিখা হয়েছে কি না, তার কোনো তথ্য পাওয়া যায়নি।
১৭. Siddique Ahmed vs. Government of Bangladesh and Others; 65 DLR(AD) (2013) 8.
১৮. The constitution (Seventh Amendment) Act, 1986 (Act 1 of 1986) [ধারা ৩]।
১৯. বিনা পারিশ্রমিকে আইনজীবী নিযুক্ত হওয়া (pro bono)।
২০. Badiul Alam Majumdar and Ors. Vs. Government of Bangladesh and Ors. (Writ Petition Nos. 9935 of 2024 and 12431 of 2024; Decided On: 17.12.2024) : LEX/BDHC/1903/2024
২১. ১৭ ডিসেম্বর ২০২৪।
২২. Muhammad Mohsen Rashid vs The Adviser, Ministry of Law, Justice and Parliamentary Affairs and others (Writ Petition no. 14041 of 2024); রায় ঘোষণা ৪ ডিসেম্বর ২০২৫।
২৩. Muhammad Mohsen Rashid vs The Adviser, Ministry of Law, Justice and Parliamentary Affairs and others (Civil Petition for leave to appeal no. 781 of 2025); রায় ঘোষণা ৪ ডিসেম্বর ২০২৫।
২৪. Dr. Badiul Alam Majumdar and ors. Vs Abdul Mannan Khan and ors. (Civil Appeal no. 112/2025 with C.R.P. no. 282, 312-13/2024, C.R.P. no. 248/2025); রায় ঘোষণা ২০ নভেম্বর, ২০২৫।
২৫. As if it's judges’ Republic, says ex-CJ Khairul Haque; Prothom-Alo English, 09 Aug 2017
২৬. Rupa Ashok Hurra v. Ashok Hurra & Anr.; (2002) 4 SCC 388
রচনাপঞ্জি
আসানো ও মিনাতো ২০১৯।। N. Asano and K. Minato, Politicisation of the appointment and removal of judges in a declining democracy: The case of Bangladesh (IDE Discussion Paper No. 758), Chiba: Institute of Developing Economies, Japan External Trade Organization।
প্রথম আলো ২০২৫ক।। ‘হাইকোর্টের রায়: অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে ফিরল’, প্রথম আলো, ২ সেপ্টেম্বর, https://www.prothomalo.com/bangladesh/t938sg7r7j, প্রবেশ : ১০ আগস্ট , ২০২৬।
প্রথম আলো ২০২৫খ।। ‘হাইকোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকার অপসারিত’, প্রথম আলো, ৫ই নভেম্বর, https://www.prothomalo.com/bangladesh/h21ycq5oda, প্রবেশ : ১০ আগস্ট, ২০২৬।
প্রথম আলো ২০২৫গ।। ‘পঞ্চদশ সংশোধনী পুরো বাতিল হলে বাকশাল ফিরে আসবে: আপিল শুনানিতে শিশির মনির’, প্রথম আলো, ১১ই ডিসেম্বর, https://www.prothomalo.com/bangladesh/349u2i5mlt, প্রবেশ : ১০ আগস্ট , ২০২৬।
বদিউল ২০২৩।। বদিউল আলম মজুমদার, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রাজনীতি, ঢাকা: প্রথমা প্রকাশন।
বাংলা ট্রিবিউন ২০২৪।। ‘আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি খায়রুল হকের পদত্যাগ’, বাংলা ট্রিবিউন, ১৩ই আগস্ট, https://www.banglatribune.com/others/858043/%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%96%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%B9%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 , প্রবেশ : ১০ আগস্ট , ২০২৬।
বাসস ২০২৫।। ‘সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের কার্যক্রম: আরো পাঁচ বিচারপতির বিষয়ে তদন্ত চলমান’, বাংলাদেশ সংবাদ সংস্থা, ২১ আগস্ট, https://www.bssnews.net/bangla/law-and-courts/226940, প্রবেশ : ১০ আগস্ট , ২০২৬।
মিল্লাত ২০২৬।। মিল্লাত হোসেন, রাষ্ট্রবুনন: বাংলাদেশের সাংবিধানিক কাঠামো বিচার, ঢাকা: আদর্শ।
শওকত ২০১৭।। Shakhawat Liton, ‘News Analysis: Justice Khairul's dubious distinction’, The Daily Star, 23 August, https://www.thedailystar.net/frontpage/news-analysis-justice-khairuls-dubious-distinction-1453228, প্রবেশ : ১০ আগস্ট , ২০২৬।
শরীফ ২০২৫।। Sharif Bhuiyan, Revolutionary Constitutionalism, Dhaka: The University Press Limited।
লেখক পরিচিতি
মিল্লাত হোসেন একজন আইনবিদ, লেখক ও অনুবাদক। আইন বিষয়ে পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। স্নাতকোত্তর শ্রেণিতে থাকার সময়েই চট্টগ্রামে‘দৈনিক সুপ্রভাত বাংলাদেশ’ নামক একটি খবরের কাগজে সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন। আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এ কিছুদিন চাকরি করার পর ঢাকা ও সিলেটের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষকতা করেছেন। বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দিলেও অল্প কিছুদিন পর তা ত্যাগ করে বিচার বিভাগে যোগ দেন। লেখালেখি, অনুবাদ ও সম্পাদনার সাথে মিল্লাত হোসেনের যুক্ততা বরাবরই ছিল। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ- বিচার বিভাগ পৃথককরণ প্রসঙ্গ (ইউপিএল), রাষ্ট্রবুনন (আদর্শ), বন্ধুর বাড়ি কোথায় (নাগরী) ও রাষ্ট্র ও কাঠামোর গহীনে (বেহুলাবাংলা)। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিসার্চ অ্যান্ড রেফারেন্স অফিসার হিসেবে কর্মরত আছেন।